দীঘিনালায় সন্তু পক্ষের ছয়জনকে আসামি করে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ৫ নভেম্বর ইউপিডিএফের কর্মী শান্তিময় চাকমাকে (৪২) গুলি করে হত্যার ঘটনায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) পক্ষের ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বাদী হয়ে এ হত্যা মামলা করেন। পুলিশ জানায়, ৫ নভেম্বর রাতে উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকা থেকে ফেরার পথে শান্তিময় চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় কিশোর চাকমা বাদী হয়ে বুধবার রাতে মেরুং ইউনিয়নের চংড়াছড়ির নোয়াপাড়া গ্রামের কল্যাণ চাকমাকে প্রধান আসামি করে জেএসএস(সন্তু) পক্ষের ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিশোর চাকমা বলেন, ‘শান্তিময় চাকমাকে হত্যার ঘটনায় সন্তু পক্ষের লোকজন জড়িত। নিহত ব্যক্তি আমাদের সংগঠনের কর্মী হিসেবে সংগঠনের পক্ষ থেকে আমি বাদী হয়ে সন্তু পক্ষের ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি।’ জেএসএস(সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘হত্যাকাণ্ডে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। ইউপিডিএফের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু পক্ষের ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।