খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মানবেন্দ্র নারায়ণ লারমা পক্ষের নেতা সুপ্রাণো চাকমা (৪২) হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা হয়েছে। জেএসএসের উপজেলা শাখার সহসভাপতি নরেশ চাকমা গতকাল বুধবার সন্তু লারমা পক্ষের সাতজনকে আসামি করে ওই মামলা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলা জেএসএসের সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা ওরফে দেবেশ বৈসাবি উৎসবের প্রথম দিন ১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বড়াদম গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ঘটনার পরদিন জেএসএসের উপজেলা শাখা সভাপতি প্রীতিময় চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু লারমা পক্ষের সাতজনকে দায়ী করা হয়। তবে সন্তু লারমা পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা হত্যাকাণ্ডে সন্তু পক্ষ জড়িত নয় এবং ওই ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রথম আলোকে জানান। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে অনুরোধ করার পরও নিহতের স্ত্রী অসুস্থ থাকার অজুহাতে এত দিন ওই পরিবারের কেউ মামলা করেননি। ছয় দিন পর সংগঠনের পক্ষ থেকে সন্তু লারমা পক্ষের সাতজনকে আসামি করে মামলা হয়েছে।