দীঘিনালায় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বুধবার বিষধর সাপের কামড়ে সজীব বড়ুয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি ১ নম্বর মেরুং ইউনিয়নের বিন্দু বৈদ্যপাড়া গ্রামে।
নিহত সজীবের বাবা মিন্টু বড়ুয়া জানান, গতকাল ভোরে সাপের দংশনের পর সজীবকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক নেই। এরপর তিনি ছেলেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকেরা একই কথা বলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মিন্টু বড়ুয়া বলেন, ‘হাসপাতালে সাপের কামড়ের ইনজেকশন থাকলে আজ আমার ছেলেকে এভাবে মরতে হতো না।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত জানান, হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ইনজেকশন নেই।
এ বিষয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন নীতিশ নন্দি মজুমদার বলেন, হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক না থাকলে দ্রুত আনার ব্যবস্থা করা হবে।