দীঘিনালায় সালিস বৈঠককে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভৈরফা নোয়াপাড়া গ্রামে গত সোমবার বাবলা চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গ্রাম্য সালিস বৈঠককে কেন্দ্র করে স্থানীয় আনন্দ চাকমার নেতৃত্বে বাবলাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি গ্রামের সুউজ্জ্বল চাকমার ৫০ শতক জমির তামাক কেটে নষ্ট করা হয়। আনন্দ চাকমা ও তাঁর লোকজন এ ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত শনিবার গ্রামে সালিস বৈঠক বসে। বাবলা বৈঠকে সুউজ্জ্বলের পক্ষ নিলে আনন্দ ও তাঁর লোকজন ক্ষুব্ধ হন। আনন্দ একপর্যায়ে বিচারপ্রার্থী সুউজ্জ্বলকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত রোববার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুউজ্জ্বল। গত সোমবার সন্ধ্যায় বাবলা স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে নির্জন স্থানে ওত পেতে থাকা কয়েকজন লোক তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। বাবলার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা বাবলাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আনন্দ চাকমা ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।