দীঘিনালায় স্কুলছাত্র হত্যার ঘটনায় এলাকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় স্কুলছাত্র মো. নুরুল আমিনকে অপহরণের পর হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে তারা। শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়। এলাকাবাসীর বিক্ষোভ ও উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নিয়ে জরুরি সভা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটক ছয়জনের মধ্যে তিনজনকে চার দিনের রিমান্ডে এনেছে। ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা বলেন, স্মারকলিপি জরুরি ভিত্তিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত ছয়জন থানাহাজতে রয়েছেন। তাঁদের মধ্য থেকে আকতার হোসেন, আসাদুল ইসলাম ও নুরুল আলমকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। অন্যদেরও পর্যায়ক্রমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ২৮ ফেব্রুয়ারি অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নূরুল আমিনের লাশ মহালছড়ির মবাছড়ি ইউনিয়নের বাগমারা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বেতছড়ি এলাকা থেকে আকতার হোসেন (২৪), ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম (২৭), আমজাদ হোসেন (২৬), আরিফ হোসেন (২৬), আসাদুল ইসলাম (২১) ও নূরুল আলম (১৮) নামের ছয় যুবককে পুলিশে সোপর্দ করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে।