দীঘিনালায় স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগ
সরকারিভাবে নিবন্ধনের কোনো কাগজপত্র নেই। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নেই কোনো ওষুধপত্র। নামেমাত্র কয়েকটি চেয়ার-টেবিল নিয়ে কার্যালয় খুলে চলছে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ। বেকার তরুণদের কাছ থেকে জামানতের নামে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।‘ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র লিমিটেড’ নামে কথিত এই বেসরকারি সংস্থাটি খাগড়াছড়ির দীঘিনালার এক নম্বর মেরুং ইউনিয়নের বড় মেরুং (আনসার সদর দপ্তর) এলাকায় একটি শাখা কার্যালয় খুলেছে। অথচ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, এমনকি উপজেলা স্বাস্থ্য বিভাগও এর কার্যক্রম সম্পর্কে অবগত নয়। আর সংস্থার এক কর্মকর্তার দাবি, তাঁরা অনুমোদন নিয়েই কাজ করছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ নাগ প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য বিষয়ে কোনো সংস্থা কাজ করতে হলে স্বাস্থ্য বিভাগের অনুমতিপত্র নিতে হয়। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র লিমিটেড নামে কোনো সংস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনুমতি নেয়নি বা সরকারি অনুমোদন সম্পর্কেও অবহিত করেনি।’ কথিত ওই সংস্থায় মাঠকর্মী হিসেবে নিয়োগ পাওয়া তরুণদের অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানসহ সরেজমিনে বড় মেরুং এলাকায় দেখা যায়, কার্যালয়ে কোনো সাইনবোর্ড নেই। ভেতরে পাশাপাশি দুটি টেবিল ও পাঁচটি চেয়ার রাখা।ভেতরে বসে থাকা পারভেজ ইসলাম ওরফে মামুন নামের এক তরুণ নিজেকে শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে জানান, ২০১২ সালের ১ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। পরে শাখা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। সংস্থার প্রধান কার্যালয় ঢাকার মিরপুর, ৪ বি/এ দ্বিতীয় কলোনি, মাজার সড়ক (পঞ্চম তলা) এলাকায়। তিনি নিজে পাঁচ হাজার টাকা জামানত দিয়েছেন।মামুন আরও জানান, সংস্থাটি দীঘিনালার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে কার্যক্রম শুরু করেছে। দুই হাজার ৮০০ ও দুই হাজার ৫০০ টাকা জামানত নিয়ে চারজন কার্যালয় সহকারী ও ৩৭ জন মাঠকর্মী নিয়োগ দিয়েছেন তিনি। নিয়োগের এক মাস পার হলেও তিনিসহ কোনো কর্মী এখনো বেতন পাননি। মাঠকর্মী হিসেবে নিয়োগ পাওয়া মধ্য বোয়ালখালী এলাকার ফেরদাউস, রফিকুল ইসলাম, জ্যোতিষ চাকমা ও টিপু চন্দ্র নাথ জানান, তাঁরা প্রথমে বুঝতে না পেরে জনপ্রতি পাঁচ হাজার টাকা জামানত দিয়েছেন। পরে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য জরিপ করার সময় ২০ টাকা আদায়ের কথা বললে তাঁদের সন্দেহ হয়। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানতে পারেন, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এ নামে কোনো বেসরকারি সংস্থা নেই। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র লিমিটেডের প্রধান কার্যালয়ের বিভাগীয় ব্যবস্থাপক সেলিম খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি অনুমোদন ছাড়া কাজ করছি না।’মেরুং ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের একটি সংস্থা কাজ করছে অথচ আমি জানি না। সংস্থার কার্যক্রম সম্পর্কেও আমাকে জানানো হয়নি। সংস্থাটির শাখা ব্যবস্থাপক আমাকে সরকারি অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’