দীঘিনালায় সড়ক রক্ষায় পরিবারের সদস্যরা

চার পরিবারের প্রায় ২৫ সদস্যের কেউ পাহাড়ি ছড়ায় খুঁটি গাড়ছেন, কেউবা বাঁশ-গাছ কেটে সাঁকো তৈরি করছেন। পাহাড়ি ছড়ার ভাঙনে বিলীন হতে বসা সড়ক রক্ষায় তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া না মেলায় নিজেরাই সড়ক বাঁচাতে নেমে পড়েছেন।
খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার ইট বিছানো এই গ্রামীণ সড়কের দৈর্ঘ্য তিন কিলোমিটার। সড়কের এক অংশ ঘেঁষে প্রবাহিত হচ্ছে কবাখালী ছড়া। ১২ ফুট প্রশস্ত সড়কটি ছড়ার তীরে এসে ভাঙনের মুখে পড়েছে। এ অংশের প্রায় ২০০ গজ সড়কের প্রস্থ দাঁড়িয়েছে তিন ফুটের মতো। এ ছাড়া সড়কের একটি অংশ পুরোপুরি ছড়ায় বিলীন হয়ে গেছে। এই অবস্থায় উত্তর হাচিনসনপুরের চার পরিবারের সদস্যরা সড়ক রক্ষায় এগিয়ে এসেছেন। ১৫ মে সড়কটি বাঁচাতে কাজ শুরু করেন তাঁরা। ছড়ার ভাঙন ঠেকাতে সড়কের পাশে গাছের খুঁটি গাড়ছেন তাঁরা। বিলীন হয়ে যাওয়া অংশে তৈরি করছেন সাঁকো।
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে নেতৃত্ব দিচ্ছেন মো. বাবুল মিয়া। এ কাজে হাত লাগিয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। এ ছাড়া মো. ইব্রাহিম, মো. ওসমান ও মো. হোসেন মিস্ত্রি তাঁদের পরিবারের সবাইকে নিয়েই সড়ক সংস্কার করছেন।
১৫ মে সেখানে গিয়ে দেখা যায়, ছড়ার ভাঙন ঠেকাতে সড়কের পাশে গাছের খুঁটি গাড়ছেন তাঁরা। দলনেতা বাবুল মিয়া জানান, ছড়ার দুই পাশে উত্তর হচিনসনপুর ও কবাখালী এলাকায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এই দুই গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা। এ ছাড়া সড়কটি দিয়ে আড়াই শ পরিবারের তিন শতাধিক শিক্ষার্থীও বিদ্যালয়ে যাতায়াত করে।
সড়ক রক্ষার উদ্যোগ নেওয়া মো. বাবুল মিয়া বলেন, ‘আমাদের স্বেচ্ছাশ্রম ছাড়াও পানির গতিপথ পরিবর্তনের জন্য আমাদের ৮০ হাজার টাকা ব্যয় হচ্ছে। আমরা চারটি পরিবার ব্যয় বহন করছি।’
কবাখালী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুর রহমান বলেন, কবাখালী পাকা সড়ক থেকে উত্তর হাচিনসনপুর দক্ষিণ হাচিনসপুর পর্যন্ত গ্রামীণ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ যাতায়াত করে। গত তিন বছর থেকে সড়কটি কবাখালী ছড়ার ভাঙনের কবলে পড়ে প্রায় বিলীন হয়ে গেছে। বর্তমানে ছড়ার ভাঙন থেকে সড়কটি রক্ষায় চারটি পরিবার নিজেদের উদ্যোগে কাজ করছে যা খুব প্রশংসনীয়। এভাবে সবাই এগিয়ে এলে দেশের চেহারা বদলে যাবে।