দীঘিনালায় সড়কে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দীঘিনালার লারমা স্কয়ারে এক কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, জারুল, ঝাউ, কাঠবাদাম, মেহগনি, নিম, সোনালুসহ বিভিন্ন প্রজাতির আড়াই শ গাছের চারা রোপণ করা হয়। উপজেলার দুটি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়।
গতকাল সকালে লারমা স্কয়ার এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. শহিদুল ইসলাম, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।
বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় লারমা স্কয়ার থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে গাছের রোপণ করা হয়। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় ও দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। চারটি দলে ভাগ হয়ে তারা সড়কের দুই পাশে ৫০টি করে কৃষ্ণচূড়া, জারুল, ঝাউ, কাঠবাদাম, ৩০টি মেহগনি, ১০টি নিম ও ৮টি সোনালু গাছের চারা রোপণ করে।