দীঘিনালায় হঠাৎ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের ডাকে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
অবরোধের কারণে দীঘিনালা থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে না গেলেও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল।
ধর্মঘট ডাকা ২১টি পরিবারের পক্ষে নতুন চন্দ্র কার্বারি, মৃণাল কান্তি চাকমা ও গোপা চাকমা বলেন, ভূমি অধিগ্রহণের কারণে বসতভিটা হারিয়ে গত বছরের ১০ জুন থেকে তাঁরা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা বলেন, বসতভিটা ফেরত পাওয়ার দাবিতে তাঁরা সড়ক অবরোধের ডাক দিয়েছেন।
তবে খাগড়াছড়ি-নাজিরহাট বাস মালিক সমিতির লাইনম্যান মো. মহসীন বলেন, বুধবার রাত ১১টায় ইউপিডিএফের পক্ষ থেকে খুদে বার্তায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কথা জানানো হয়।
ইউপিডিএফের সংগঠক কিশোর চাকমা বলেন, অবরোধ কর্মসূচির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি দিয়েছে।
হঠাৎ ডাকা এই অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। দীঘিনালা বাস টার্মিনালে কথা হয় তাজউদ্দিন আহাম্মদ, আতাউর রহমান, বিমলপ্রভা ত্রিপুরাসহ বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে। তাঁদের কেউ ফেনী, কেউ চট্টগ্রাম ও কেউ ঢাকা যাওয়ার জন্য এসেছেন। কিন্তু গাড়ি না পেয়ে তাঁরা ভোগান্তিতে পড়েন।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, অবরোধে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।