দীঘিনালায় হত্যার ঘটনায় মামলা, আসামি শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারে ১৪ ডিসেম্বর বাঙালিদের হামলায় চিগোনমিলা চাকমা (৪৮) নামে এক আদিবাসী নারীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যামামলা হয়েছে। ঘটনার তিন দিন পর চিগোনমিলার স্বামী কবাখালী কাঙারীমাছড়া গ্রামের জিতেন্দ্র চাকমা গতকাল রোববার দুপুরে দীঘিনালা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক বাঙালিকে আসামি করা হয়েছে। পুলিশ কবাখালী এলাকায় অভিযান চালিয়ে গতকাল বিকেলে মামলার প্রধান আসামি কবাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. হালিমকে (৩৪) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি কবাখালী মুসলিমপাড়ায়।১৩ ডিসেম্বর উপজেলার কবাখালী মুসলিমপাড়া গ্রামের মোটরসাইকেল চালক আবদুস সাত্তার (২৭) রাঙামাটির বাঘাইছড়িতে যাত্রী নিয়ে ভাড়ায় গিয়ে নিখোঁজ হন। পরদিন বাঘাইছড়ির বড়াদম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কবাখালী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেলেকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার পথে কবাখালী বাজারে বাঙালিদের অতর্কিত হামলায় চিগোনমিলা চাকমা মারা যান। এ ঘটনায় জিতেন্দ্র চাকমা আহত হন। একই দিন বিকেলে বাবুছড়া থেকে ইজিবাইক নিয়ে ফেরার পথে বানছড়া ও নারিকেল বাগান এলাকায় আদিবাসী তরুণদের হামলায় থানাপাড়া গ্রামের ইয়াকুব আলী (২২), আকরাম হোসেন (১২), জামতলী গ্রামের ইলিয়াছ (১৮) ও মুরাদ (১৬) আহত হয়। এরপর দীঘিনালায় উত্তেজনা বিরাজ করলে ১৫ ডিসেম্বর প্রশাসনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সমাবেশ করা হয় এবং পরিস্থিতি শান্ত হয়।