দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের কাউন্সিল
‘তোমাদের ওই হাত নিপীড়ন-নির্যাতনের, আমাদের এই হাত প্রতিবাদের প্রতিরোধের’—এই স্লোগান নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার দ্বিতীয় কাউন্সিল ও নারী সমাবেশ। গতকাল শুক্রবার উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত কাউন্সিল অধিবেশনে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।মেনাকি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল ও নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালখালী (সদর) ইউপির চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, ইউপিডিএফ প্রতিনিধি স্বপন চাকমা, নারী নেত্রী ডেইজি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা প্রমুখ। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি মাদ্রী চাকমা। নারী সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীরা আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা উদ্বেগজনক। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। লড়াই-সংগ্রামে মা-বোনদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণ স্বায়ত্তশাসনের আন্দোলনে শামিল হতে হবে। সমাবেশ শেষে মেনাকি চাকমাকে সভাপতি, মেমোরি চাকমাকে সাধারণ সম্পাদক ও অর্জিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে এ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যরা নারী আন্দোলনে রাজপথে থাকার শপথবাক্য পাঠ করেন।