খাগড়াছড়ির দীিঘনালা উপজেলার বাবুছড়া এলাকায় বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের কারণে উচ্ছেদ হওয়া ২১টি আদিবাসী পরিবার গ্রামের পাশের বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এদিকে দীঘিনালার যত্নমোহন কার্বারিপাড়ায় ১০ জুন বিজিবি-আদিবাসী সংঘর্ষের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় গত শুক্রবার নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রদীপ কুমার চাকমা (৬০) ও ইস্নেহ চাকমাকে (৫৫) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷ গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন: মায়া রানী চাকমা (৪৫), ফুল রানী চাকমা (৫২), অপ্সরী চাকমা (১৭) ও গোপা চাকমা (৩৫)৷ তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে দীঘিনালা ভূমি রক্ষা কমিটিসহ ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেনস ফেডারেশন আজ রোববার জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে৷
পুলিশ জানায়, ১০ জুন বিজিবির সদর দপ্তরে হামলার অভিযোগে ১১ জুন বিজিবির ৫১ ব্যাটালিয়নের সুবেদার মেজর গোলাম রসুল ভূঁইয়া ১২০ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বাবুছড়া উচ্চবিদ্যালয়ের টিনশেড ঘরের তিনটি কক্ষে ২১টি পরিবার গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শিশু, বৃদ্ধ ও নারীদের অবস্থা খুবই শোচনীয়। শশীমোহন কার্বািরপাড়ার গ্রাম প্রধান সন্তোষ কার্বাির বলেন, ‘সংঘর্ষের সময় ক্যাম্প নির্মাণের কাজে নিয়োজিত বাঙালি শ্রমিকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয়ে আমিসহ গ্রামের কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। বাকিরা অন্যত্র পালিয়ে যায়। হাসপাতাল থেকে ফেরার পর আমরা আর বাড়িঘরে ফিরতে পারিনি। বাড়িঘরে ফিরতে চাইলে বিজিবি সদস্যরা আমাদের ওপর হামলা চালাতে উদ্যত হয়। তাই বাধ্য হয়ে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছি। বাড়িঘর থেকে কোনো জিনিসপত্রও আনতে পারিনি।’
একই গ্রামের মধুরিকা চাকমা বলেন, ‘আমরা বাড়িতে ফিরতে চাইলে বিজিবির সদস্যরা তাড়িয়ে দেন। বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার পর থেকে নারী ও শিশুরা খুবই কষ্টে দিন যাপন করছে।’
দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে কারোর আপত্তি থাকার কথা নয়। তবে কাউকে উচ্ছেদ করে ক্যাম্প স্থাপন কখনো সমর্থনযোগ্য হতে পারে না। বর্তমান প্রস্তাবিত স্থানে বিজিবি ক্যাম্প স্থাপিত হলে অনেক আদিবাসী পরিবার উচ্ছেদ হবে। এই উচ্ছেদ হওয়া আদিবাসীরা ১৯৮৬ সালে নিজেদের ঘরবাড়ি ফেলে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সেখান থেকে ফিরে এসেও অনেকে তাদের নিজ নিজ ভিটায় ফিরতে পারেনি। বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপিত হলে তাদের আবারও উচ্ছেদ হতে হবে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘বাবুছড়া উচ্চবিদ্যালয়ে কিছু আদিবাসী পরিবার আশ্রয় নেওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মর্মে প্রধান শিক্ষকের দেওয়া একটি চিঠি আমি পেয়েছি।’ তিনি বলেন, আদিবাসীদের উচ্ছেদ করে বিজিবি ক্যাম্প স্থাপন করা সমর্থনযোগ্য নয়।