দীঘিনালায় ২৩ বস্তা ইউরিয়া জব্দ
খাগড়াছড়ির দীঘিনালার এক চাষির বাড়ি থেকে গত বৃহস্পতিবার ২৩ বস্তা ইউরিয়া জব্দ করেছে প্রশাসন। এসব সার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামের বাদশা মিয়ার বাড়িতে একটি জিপ থেকে ইউরিয়া নামানো হচ্ছে—গোপন সূত্রে এ সংবাদ পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর মজুদ করে রাখা ২৩ বস্তা ইউরিয়া জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, বাদশা মিয়ার ঘরের ভেতর ২৩ বস্তা ইউরিয়া পাওয়া গেছে। এক বাড়িতে এত সার থাকা সন্দেহজনক। ঘরের মালিকের পরিবারের সদস্যরা সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই সেগুলো জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। বাদশা মিয়াকে পাওয়া যায়নি।উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ ২৩ বস্তা ইউরিয়া জব্দ করার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে সার মজুদকারীর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।