দীঘিনালায় ৪৫০ হেক্টরে বোরো চাষ অনিশ্চিত
এ বছর বোরো মৌসুমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুটি ব্লকে সেচসুবিধার অভাবে প্রায় সাড়ে ৪০০ হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা রয়েছে। একটি স্লুইসগেট অকেজো এবং দুটি বাঁধ ধসে যাওয়ায় প্রায় এক হাজার কৃষক এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না।সরেজমিন ঘুরে ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে উপজেলার পাবলাখালী ও দীঘিনালা কৃষি ব্লকে এক হাজার ২০০ জন কৃষক ৫৮৫ হেক্টর জমিতে আমন রোপণ করেছেন। কিন্তু বোরো মৌসুমে এই দুটি ব্লকে সেচ-সুবিধা না থাকায় প্রায় এক হাজার কৃষক বোরো আবাদ থেকে বঞ্চিত হবেন। পাবলাখালী এলাকার কৃষক সুশান্ত চাকমা বলেন, ‘১৯৯৭ সালে পাবলাখালী ছড়ায় একটি স্লুইসগেট নির্মাণ করার পর চাষাবাদে সেচের সমস্যা অনেকটা সমাধান হয়েছিল। কিন্তু ছয় বছর আগে স্লুইসগেটটি অকেজো হয়ে পড়ায় সেচ-সমস্যা প্রকট হয়। পরে ২০০৭ সালে স্লুইসগেটের পাশে একটি বাঁধ নির্মাণ করায় সেচ-সমস্যার কিছুটা উন্নতি হলেও দুই বছর আগে বন্যায় সেটি ধসে যায়। ফলে দুই বছর ধরে আমরা আর বোরো চাষ করতে পারি না।’উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা রানী বিশ্বাস জানান, পাবলাখালী ব্লকে আমন মৌসুমে সাড়ে ৫০০ জন কৃষক ২৭০ হেক্টর জমিতে চাষ করেছেন। এই ব্লকের স্লুইসগেট অকেজো এবং বাঁধ ধসে যাওয়ায় বোরো মৌসুমে চাষির সংখ্যা ৬৫ শতাংশ কমে যাবে। একই সমস্যার কারণে ১০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। তবে ঠিকমতো সেচ দিতে না পারায় ফলন ভালো হয়নি।উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা একই সমস্যার কথা উল্লেখ করে বলেন, দীঘিনালা ব্লকে এ বছর আমন মৌসুমে ৩১৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। নন্দেশ্বর কার্বারিপাড়ার বাঁধটি ধসে যাওয়ায় গত বোরো মৌসুমে ৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তাও ফলন ভালো হয়নি। চলতি বোরো মৌসুমে দীঘিনালা ব্লকে সেচ-সুবিধা না থাকায় কৃষকেরা বোরো চাষে আগ্রহী হচ্ছেন না।