দীঘিপাড়ায় নতুন কয়লাখনির উন্নয়নকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের দীঘিপাড়ায় নতুন কয়লাখনির উন্নয়নকাজ শুরু করেছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানির (বিসিএমসিএল) তত্ত্বাবধানে জার্মানির দুটি ও অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম খনি এলাকায় এখন সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে খনির গভীরতা, কয়লার মজুত ও উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ, কী পদ্ধতিতে (সুড়ঙ্গ না কি উন্মুক্ত) কয়লা তোলা হবে, সেসব বিষয় নিশ্চিত হওয়া যাবে।

এর আগে এই কয়লাখনি আবিষ্কারের পর্যায়ের দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করা হয়। সেই জরিপে খনির আয়তন, বিস্তৃতি সম্পর্কে যে তথ্য পাওয়া যায়, সেটি নিশ্চিত হওয়ার জন্যই সম্ভাব্যতা সমীক্ষা হচ্ছে। এর অংশ হিসেবে ৬০টি কূপ (বোর হোল) খনন করা হচ্ছে।

দীঘিপাড়া খয়লাখনি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের পরিচালক খান মো. জাফর সাদিক বলেন, খনি এলাকায় ইতিমধ্যে ১০টি কূপ খনন সম্পন্ন হয়েছে। আগামী বছরের মধ্যভাগে সমীক্ষার কাজ শেষ হবে। তারপর সরকার কয়লা তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

২০১৬-৪১ সময়সীমার জন্য সরকার বিদ্যুৎ খাত উন্নয়নের যে পরিকল্পনা করেছে, তাতে খনি থেকে তোলা কয়লা ব্যবহার করে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি উল্লেখ রয়েছে। বর্তমানে দেশের কয়লা ব্যবহার করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে মাত্র ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চারটি গ্রামজুড়ে নতুন ওই কয়লাখনির অবস্থান। ১৯৯৫ সালে সেখানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও পাঁচটি কূপ খননের মাধ্যমে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এই খনিটি আবিষ্কার করে। এই খনিতে ৩২৪ থেকে ৪৪৬ মিটার গভীরতায় কয়লার অবস্থান রয়েছে। সম্ভাব্য মজুত প্রায় ২০ কোটি (২০০ মিলিয়ন) মেট্রিক টন।

বিসিএমসিএল সূত্র জানায়, আগে জিএসবির করা জরিপের যে তথ্য তাদের হাতে রয়েছে, সে অনুযায়ী দীঘিপাড়া খনিতে সাতটি স্তরে কয়লা রয়েছে। অর্থাৎ খনিটিতে রয়েছে সাতটি ‘কোল সিম’। এর মধ্যে দ্বিতীয় স্তরটিতেই মজুত প্রায় ৫৬ শতাংশ। এই স্তরটির পুরুত্ব প্রায় ৩৪ মিটার। অন্য স্তরগুলোর পুরুত্ব অনেক কম।

দেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লাখনি আবিষ্কৃত হয়েছে। মোট সম্ভাব্য মজুতের পরিমাণ প্রায় ২০১ কোটি মেট্রিক টন, যা প্রায় ৭৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের জ্বালানি মানের সমান। ক্ষেত্রগুলোর মধ্যে জয়পুরহাটের জামালগঞ্জে মজুত সবচেয়ে বেশি, প্রায় ১০৫ কোটি টন। তবে এই খনির গভীরতা অনেক বেশি হওয়ায় (৮০০ থেকে ১ হাজার ১০০ মিটার) বর্তমানের কোনো প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে এই কয়লা তোলা অর্থনৈতিক বিবেচনায় লাভজনক নয়।

দ্বিতীয় সর্বোচ্চ মজুত দিনাজপুরের ফুলবাড়ী খনিতে, প্রায় ৩৮ কোটি টন। সবচেয়ে কম গভীরতার এই খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার জন্য ২০০৪ সালে সমীক্ষা করা হয়। তৃতীয় সর্বোচ্চ মজুত দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে, প্রায় ৩১ কোটি টন। এই খনি থেকে সুড়ঙ্গপদ্ধতিতে কয়লা তুলে পাশেই একটি বিদ্যুৎকেন্দ্র চালানো হচ্ছে। অন্য দুটি খনির একটি দিনাজপুরের দীঘিপাড়া। আরেকটি রংপুরের খালাসপীর কয়লাখনি। খালাসপীরের খনিতে সম্ভাব্য মজুত প্রায় ১৫ কোটি টন। এই খনির উন্নয়নে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।