দীনেশচন্দ্র সেনের সার্ধশততম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের ইতিহাসবেত্তা আচার্য ড. দীনেশচন্দ্র সেনের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
জেলা শহরের বিজয় মেলা মাঠে সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। এতে অংশ নেবেন দেশবরেণ্য ও দেশের বাইরের সাহিত্যিক, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান আলোচক হিসেবে গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ উপস্থিত থাকার কথা। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায় ও মালবিকা দাস। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে দীনেশচন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। সন্ধ্যায় সংগীত পরিবশেন করবেন ইয়াসমিন মুশতারী ও ঝর্ণা রহমান।
সম্মেলনের শেষ দিন শনিবার বিকেলে পল্লি সাহিত্যে দীনেশচন্দ্রের অবদান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক রফিকউল্লাহ খান, বাংলা একাডেমির পরিচালক সাহিদা বেগম ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমানের আলোচনায় অংশ নেওয়ার কথা। এতে প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক।
দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ পৌর এলাকার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর গ্রামে।