বাংলা সাহিত্যের ইতিহাসবেত্তা আচার্য ড. দীনেশচন্দ্র সেনের সার্ধশততম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম তুলে ধরতে এবং তাঁর স্মৃতি রক্ষণাবেক্ষণে মানিকগঞ্জে একটি একাডেমি বা গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে দীনেশচন্দ্র সেনের জীবন-কর্ম এবং পল্লি সাহিত্যে তাঁর অবদান নিয়ে মানিকগঞ্জে হয়ে গেল তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর এ সম্মেলনে দেশবরেণ্য ও দেশের বাইরের সাহিত্যিক, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক অংশ নেন।
সম্মেলনের প্রথম দিনে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা তাঁর বক্তব্যে বলেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র দীনেশচন্দ্র জন্ম নিয়েছিলেন মানিকগঞ্জে। তাঁর নামানুসারে মানিকগঞ্জে একটি একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর সৃষ্টিকর্ম রক্ষণাবেক্ষণের দাবি জানান তিনি।
সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসও দীনেশচন্দ্র সেনের স্মৃতি লালনে সংস্কৃতিমন্ত্রীর কাছে মানিকগঞ্জে গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান। গতকাল বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে মুঠোফোনে রাশিদা ফেরদৌস প্রথম আলোকে বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেনের নামে একাডেমি কিংবা গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা—এটা শুধু তাঁর নয়, পুরো জেলাবাসীর দাবি।