দীপংকরের পরাজয়ের চার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপংকর তালুকদার ও ঊষাতন তালুকদার
দীপংকর তালুকদার ও ঊষাতন তালুকদার

২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের পরাজয়ে নেতা-কর্মীরা অভিযোগ করছেন, বিজয়ী প্রার্থীর লোকজন জোর করে হারিয়ে দিয়েছেন।
তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া, অধিক আত্মবিশ্বাস, উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় না থাকা এবং প্রার্থী দীপংকর তালুকদারের দাম্ভিকতা ও জনবিচ্ছিন্নতা পরাজয়ের কারণ।
নির্বাচনে জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে ১৮ হাজার ৮৫২ ভোটে পরাজিত করেছেন। ঊষাতন ভোট পেয়েছেন ৯৬ হাজার ২৩৭। দীপংকর তালুকদার পেয়েছেন ৭৭ হাজার ৩৮৫ ভোট।
পার্বত্য চুক্তি নিয়ে ক্ষোভ: ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং পার্বত্য চুক্তির বাস্তবায়ন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই অঙ্গীকার ছিল। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ হন পাহাড়ের ভোটাররা।
অধিক আত্মবিশ্বাস: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসী। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় সেই আত্মবিশ্বাস আরও বেড়ে যায় তাঁদের মধ্যে। এমনকি আগের নির্বাচনে ভোটের কয়েক দিন আগে ঘরে ঘরে ভোটার কার্ড পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হলেও এবার আওয়ামী লীগ ভোটার কার্ড ছাপেনি। এ কারণে অনেক সমর্থক বিশেষ করে নারী ভোটাররা ভোটকেন্দ্রে যাননি।
নিষ্ক্রিয় নেতা-কর্মী: বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রার্থী জয়লাভ করছেন—এমন ধারণা ছিল উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের। তাই ভবিষ্যতে সুযোগ-সুবিধা লাভের আশায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা এলাকায় কাজ না করে রাঙামাটিতে এসে প্রার্থী দীপংকর তালুকদার ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের কাছে কত ভোট পাওয়া যাবে, তা জাহির করায় ব্যস্ত ছিলেন।
দীপংকর তালুকদারের দাম্ভিকতা: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে দীপংকর তালুকদার নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণসহ সাধারণ লোকজনকে ধমক দিয়ে কথা বলতে শুরু করেন।
নির্বাচনে পরাজয় নিয়ে কথা বলতে বারবার চেষ্টা করেও দীপংকর তালুকদারের সঙ্গে কথা বলা যায়নি। তবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা বলেন, ‘অনেক এলাকায় আমাদের কর্মীদের কাজ করতে দেওয়া হয়নি। বিভিন্ন উপজেলায় অবাধে ভোট কারচুপি হয়েছে। সে কারণে আমাদের পরাজয় হয়েছে।’
ঊষাতন তালুকদার তাঁর এই বিজয়কে পার্বত্য চুক্তির পক্ষের পাহাড়ি-বাঙালির ঐক্যের বিজয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই নির্বাচনে জেলার শান্তিকামী, পরিবর্তনকামী, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক—সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।