চট্টগ্রামে উদীচীর সমাবেশে বক্তারা
দীপক চন্দ্র দে হত্যা সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ধারাবাহিতা

মুক্তমনা এবং সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অংশ হিসেবে সীতাকুণ্ড উদীচীর সভাপতি দীপক চন্দ্র দেকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
খেলাঘর চট্টগ্রাম মহানগরী এবং উদীচী জেলা সংসদ যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন খেলাঘরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।
১৫ মার্চ সীতাকুণ্ডের পাক্কার মাথা এলাকা থেকে দীপক চন্দ্র দের লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনেরা।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দুই সপ্তাহ হতে চললেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সারা দেশে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছে। এসব গোষ্ঠীর লক্ষ্যে পরিণত হয়েছেন প্রগতিশীল সংস্কৃতিকর্মীরা। অবিলম্বে সংস্কৃতিকর্মী দীপক দের হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা।
উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বালাকাত উল্লাহ, সাংবাদিক এম নাসিরুল হক, উদীচীর সহসভাপতি চন্দন দাশ ও সুনীল ধর, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সীতাকুণ্ড উদীচীর সাধারণ সম্পাদক ইকবাল আজাদ, সীতাকুণ্ড মেঘমাল্লার খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি তপন মজুমদার, সীতাকুণ্ড কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া, খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ, প্রয়াত দীপক দের ছেলে পিনাক দে প্রমুখ।