
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় গ্রেপ্তার মইনুল হাসান শামীমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।
গোয়েন্দা সংস্থার (ডিবি) পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল কবীর আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে গ্রেপ্তার এই জঙ্গি দীপন হত্যায় অংশ নেন। এ হত্যাকাণ্ডে আরও কারা জড়িত, তা জানার জন্য এই আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া জরুরি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান আজ বুধবার জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি।
লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে। ওই ছয়জনের মধ্যে শামীম ছিলেন।
গত বছরের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের ভেতরে দীপনকে হত্যা করে জঙ্গিরা।
অার ও পড়ুন :-