জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মইনুল হাসান শামীম। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এই আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল কবীর আসামি মইনুল হাসান শামীমকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি এই ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছুক।
পুলিশ পরিদর্শক ফজলুল কবীরও প্রথম আলোকে জানান, এই আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টঙ্গীর চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে ফয়সল হত্যার কথা শামীম স্বীকার করেছেন।
শামীমকে ধরিয়ে দিতে এর আগে পুলিশ দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য ফয়সলকে খুন করা হয়েছে বলেও জানানো হয়। গত বছরের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে ফয়সলকে কুপিয়ে হত্যা করা হয়। খুনের পর আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল ইসলাম) ওই খুনের দায় স্বীকার করে। পুলিশ বলেছে, মইনুল হাসান শামীমের সাংগঠনিক নাম শামীম ওরফে সমির ওরফে ইমরান।
তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। সিলেটের মদনমোহন কলেজের ছাত্র শামীম গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ফয়সল আরেফিনকে খুনের ঘটনায় তিনি ছাড়া আরও পাঁচজন অংশ নেন। হত্যাকাণ্ডটি পরিচালনার দায়িত্ব ছিল তাঁর। তিনি আনসার আল ইসলামের কথিত সামরিক শাখার একজন সদস্য।