
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার মূল আসামিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। তাঁর নাম মইনুল হাসান শামীম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টঙ্গীর চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম। জিজ্ঞাসাবাদে দীপনকে হত্যার কথা শামীম স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাঁকে ধরিয়ে দিতে এর আগে পুলিশ দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য দীপনকে খুন করা হয়েছে বলেও জানানো হয়। গত বছরের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। খুনের পর আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল ইসলাম) ওই খুনের দায় স্বীকার করে। পুলিশ বলছে, মইনুল হাসান শামীমের সাংগঠনিক নাম শামীম ওরফে সমির ওরফে ইমরান। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। সিলেটের মদনমোহন কলেজের ছাত্র শামীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ফয়সাল আরেফিন দীপনকে খুনের ঘটনায় তিনি ছাড়া আরও পাঁচজন অংশ নেন। হত্যাকাণ্ডটি পরিচালনার দায়িত্ব ছিল তাঁর। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার শীর্ষ চার মাসুলের (দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) একজন।
দীপনের খুনি ধরা পড়ার খবর শুনে তাঁর বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘দীপনসহ যারা খুন হয়েছে, তাদের তো কোনো শত্রু ছিল না। তারা কখনো মানুষের মনে কষ্ট দেয়নি। যারা এই খুনগুলো করেছে, তাদের আমি জল্লাদ বলি। তাদের বিচার হওয়া উচিত। যারা এই জল্লাদদের খুনের পরিকল্পনা দিচ্ছে, তাদেরও বিচার হওয়া খুব দরকার।’ তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে কাজ করেছে। যদিও আসামি পালিয়ে গেছে এমন খবরও একবার তাদের মুখ থেকে শোনা গিয়েছিল। তিনি বলেন, ‘দীপনকে ফিরে পাওয়ার তো কোনো উপায় দেখি না। এই কষ্ট নিয়েই বেঁচে আছি।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য দীপনকে টার্গেট করা হয়েছিল। খুনের আগে অন্তত এক মাস তাঁদের প্রশিক্ষণ হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী মেজর জিয়াউল হক। তিনি খুন করতে উদ্দীপ্ত করেছেন। ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রথমে টঙ্গী ও পরে মহাখালীর একটি বাসা ভাড়া নেয়।’

মইনুল হাসান শামীম এর আগে ২০১০ সালে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিতরণের সময় ছাতক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন। সে সময় তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। একপর্যায়ে শামীম সুনামগঞ্জের সংশ্লিষ্ট আদালত থেকে অস্থায়ী জামিনে মুক্তি পান। পরে উচ্চ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে স্থায়ী জামিন দেন।
দীপন যেদিন খুন হন, ওই দিনই শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় সুমন পাটোয়ারি নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গত ১৫ জুন বিমানবন্দর উড়ালসেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুমন পাটোয়ারি দীপন খুনের ঘটনায় শামীমের সম্পৃক্ততার কথা জানান পুলিশকে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে শামীমের সম্পৃক্ততা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয় বলে দাবি করেন মনিরুল ইসলাম।
শামীম এ বছরের ৪ জানুয়ারি আশুলিয়ায় রিয়াদ মোরশেদ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রিয়াদ ছিলেন গানের শিক্ষক। মনিরুল ইসলাম বলেন, শামীম ও তাঁর সহযোগীরা একজনকে গান শেখাতে হবে বলে রিয়াদকে ডেকে নেন। তারপর তাঁকে খুন করা হয়।
গতকাল সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের লোকজন ও মইনুলের স্বজনদের সঙ্গে কথা হয়। মইনুলের বড় ভাই আবু জাফর বলেন, ‘আমার ভাই খুবই নিরীহ প্রকৃতির ছেলে। সে রাতে ভয়ে ঘর থেকে বের হতো না, এখন শুনি সে ঢাকায় গিয়ে বড় সন্ত্রাসী হয়েছে, মানুষ খুন করেছে। আমরা এর কিছুই জানি না। গত ঈদে সে বাড়িতে আসেনি। তখন থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় ভাইবোনের মধ্যে শামীম সবার ছোট। তিনি সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। পরে সিলেটের মদনমোহন কলেজে ভর্তি হন বলে তাঁর পরিবার জানতে পারে। তবে মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে গ্রেপ্তার হওয়া শামীমের ছবি দেখালে তিনি তাঁকে শনাক্ত করতে পারেননি। অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘সে এ কলেজের ছাত্র কি না, সেটি নিশ্চিত হতে নথিপত্র ঘেঁটে দেখা হবে।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর (শামীম) বিষয়ে খোঁজখবর রাখছিলাম। তিনি চার মাস ধরে পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলেন।’
আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে চিঠি দেবে পুলিশ: মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, তাঁরা আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে সরকারকে চিঠি দেবেন। তিনি বলেন, ২০১৪ সালের আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে সংগঠনটি অনলাইনে বিভিন্ন ব্লগের মাধ্যমে সদস্য সংগ্রহ করত। আয়মান আল জাওয়াহিরি আল-কায়েদার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা (একিউআইএস) হিসেবে আনসার আল ইসলাম আত্মপ্রকাশ করে। আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করলে তাদের তৎপরতা বন্ধ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ করা হলে আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমানকুমার দাশ ও সুনামগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান)