দীপন হত্যায় স্বীকারোক্তি দিয়েছেন জঙ্গি শামীম
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মইনুল হাসান শামীম। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান প্রথম আলোকে এসব তথ্য জানান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল কবীর আসামি মইনুল হাসান শামীমকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি এ ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছুক।
পুলিশ পরিদর্শক ফজলুল কবীরও প্রথম আলোকে জানান, এই আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টঙ্গীর চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে দীপন হত্যার কথা শামীম স্বীকার করেছেন।
শামীমকে ধরিয়ে দিতে এর আগে পুলিশ দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য দীপনকে খুন করা হয়েছে বলেও জানানো হয়। গত বছরের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। খুনের পর আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল ইসলাম) ওই খুনের দায় স্বীকার করে।
পুলিশ বলছে, মইনুল হাসান শামীমের সাংগঠনিক নাম শামীম ওরফে সমির ওরফে ইমরান। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। সিলেটের মদনমোহন কলেজের ছাত্র শামীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ফয়সল আরেফিন দীপনকে খুনের ঘটনায় তিনি ছাড়া আরও পাঁচজন অংশ নেন। হত্যাকাণ্ডটি পরিচালনার দায়িত্ব ছিল তাঁর। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার শীর্ষ চার মাসুলের (দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) একজন।
মনিরুল ইসলাম বলেন, ‘অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য দীপনকে টার্গেট করা হয়েছিল। খুনের আগে অন্তত এক মাস তাদের প্রশিক্ষণ হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী মেজর জিয়াউল হক। তিনি খুন করতে উদ্দীপ্ত করেছেন। ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রথমে টঙ্গী ও পরে মহাখালীর একটি বাসা ভাড়া নেয়।’
প্রধান আসামি মইনুল হাসান শামীম এর আগে ২০১০ সালে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিতরণের সময় ছাতক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন। সে সময় তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। একপর্যায়ে শামীম সুনামগঞ্জের সংশ্লিষ্ট আদালত থেকে অস্থায়ী জামিনে মুক্তি পান। পরে উচ্চ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে স্থায়ী জামিন দেন।
দীপন যেদিন খুন হন, ওই দিনই শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় সুমন পাটোয়ারি নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গত ১৫ জুন বিমানবন্দর উড়ালসেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুমন পাটোয়ারি দীপন খুনের ঘটনায় শামীমের সম্পৃক্ততার কথা জানান পুলিশকে। ছয় ভাই-বোনের মধ্যে শামীম সবার ছোট। তিনি সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন।