দীপনপুরে দীপন ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশক দীপনের ৪৫তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয় বুকশপ দীপনপুর। সেখানে বক্তব্য দেন দীপনের বাবা ও শিক্ষক আবুল কাশেম ফজলুল হক l প্রথম আলো
রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশক দীপনের ৪৫তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয় বুকশপ দীপনপুর। সেখানে বক্তব্য দেন দীপনের বাবা ও শিক্ষক আবুল কাশেম ফজলুল হক l প্রথম আলো

বাংলাদেশ এখন জটিল ও সংকটময় সময়ের মধ্য দিয়ে চলছে। কোথাও কোনো আশাব্যঞ্জক খবর নেই। বুদ্ধিজীবী-রাজনীতিবিদেরাও মিথ্যা আর স্বার্থের মধ্যে পড়ে আছেন। কোনো রেনেসাঁ না হলে নিকট-ভবিষ্যতেও এ অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ৪৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের বুকশপ দীপনপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে দীপন স্মৃতি সংসদ।

দীপনপুর। ২৩০ এলিফ্যান্ট রোড। একটি বুকশপ। দীপনের স্মৃতি ও কর্মকে ধরে রাখতেই দীপনপুরের যাত্রা শুরু, বললেন দীপনের স্ত্রী রাজিয়া রহমান। দীপনপুরের উদ্বোধনে জন্মদিনকেই বেছে নেওয়া হয়।

তবে দীপনপুরে বা নিজের জন্মদিনের অনুষ্ঠানে দীপন ছিলেন না। ২০১৫ সালের ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর এই মালিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে তাঁর কার্যালয়ে তাঁকে কুপিয়ে ভেতরে ফেলে রেখে দরজা বন্ধ করে চলে যায় দুর্বৃত্তরা।

অনুষ্ঠানে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক ছেলেকে নিয়ে স্মৃতিচারণা করেন। তিনি বলেন, দীপনের মৃত্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় আবুল কাশেম ফজলুল হক দেশের বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে বলেন, সভ্যতার বিকাশে ধর্মের গুরুত্ব আছে। ধর্ম নিয়ে ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, কিন্তু ধর্মকে অবমাননা করা যাবে না। কোনো তরুণ এসব বিষয়ে ভুল করলেও দেশের বুদ্ধজীবীরা তাদের সঠিক নির্দেশনা দিচ্ছেন না।

শিক্ষক ও গবেষক আবুল বারকাত বলেন, দেশে কোনো বুদ্ধিজীবী নেই। ক্ষমতায় যাঁরা আছেন, তাঁরা মিথ্যাবাদী ও ভণ্ড। তাঁরা যত দিন ক্ষমতায় থাকবেন দেশ অসাম্প্রদায়িক হবে না। এ জন্য দেশে অনেক দীপন ও দীপনপুর দরকার।

শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, পৃথিবীর মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ বই পড়ে, আরেক ভাগ গেজেট নিয়ে পড়ে থাকে। যারা বই পড়ে, তারাই দেশ চালায়। এ জন্য বই পড়ার বিকল্প নেই।

দীপনের স্ত্রী আর তাঁর বন্ধু-শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায় যাত্রা শুরু করেছে দীপনপুর। এই বুকশপ ক্যাফের পুরোটাজুড়েই বই। এখান থেকে বই কেনার পাশাপাশি এক কাপ চা বা কফি হাতে বসে বই পড়ারও ব্যবস্থা রয়েছে। বই পড়ার পৃথক ব্যবস্থা আছে শিশু ও বয়স্কদের জন্য। এমনকি দীপনতলা নামে ছোট্ট মঞ্চটি ভাড়া নেওয়া যাবে যেকোনো অনুষ্ঠান আয়োজনে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকাশক, লেখক, দীপনের বন্ধু, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।