দীপনের নামে সড়ক
জঙ্গি হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন স্মরণে শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত রাস্তাটির নাম শহীদ দীপন সরণি করার আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
দীপন স্মৃতি সংসদ সূত্রে জানা গেছে, সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়। দীপন স্মৃতি সংসদের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তাঁর স্ত্রী রাজিয়া রহমানসহ সংগঠনের অন্য নেতারা সেখানে ছিলেন। তাঁরা রাস্তাটি দীপনের নামে করার জন্য একটি স্মারকলিপিও দেন মেয়রকে। আলাপকালে মেয়র তাঁদের আশ্বাস দেন। এ সময় মেয়রকে দীপন স্মরণগ্রন্থ উপহার দেওয়া হয়।
দীপন স্মৃতি সংসদের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত গতকাল বুধবার বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করে শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত রাস্তাটিকে “শহীদ দীপন সরণি” করার জন্য মেয়রকে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন সিটি করপোরেশনের আগামী বোর্ড সভাতেই বিষয়টি অনুমোদন করিয়ে অতি দ্রুত এটি বাস্তবায়ন করবেন।’
গত বছরের ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। নিহত ফয়সল আরেফিন দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে। একই দিন লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে জঙ্গিরা।