দীপু মনির সঙ্গে মধ্যাহ্নভোজে ৯ কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের বিক্ষোভ সমাবেশসহ দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেছেন ইউরোপের নয় কূটনীতিক।গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার গুলশানের বাসায় আয়োজিত মধ্যাহ্নভোজে তাঁরা এসব বিষয়ে আলোচনা করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই মধ্যাহ্নভোজে অংশ নেওয়া একাধিক কূটনীতিক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে ইইউ-বাংলাদেশ সহযোগিতা নিয়ে কথা হয়েছে। আলোচনায় অন্য বিষয়ের পাশাপাশি দুই পক্ষ বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ, এ দেশের বিনিয়োগ পরিস্থিতি, শাহবাগের বিক্ষোভ ও আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছে। এসব বিষয়ে তাঁরা সুনির্দিষ্টভাবে কী জানতে চেয়েছেন, সে ব্যাপারে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া ইইউ কূটনীতিকেরা কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন। যোগাযোগ করা হলে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা মধ্যাহ্নভোজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানার বাসায় অনুষ্ঠিত গতকালের ওই মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে, ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে, স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকোন, ইতালির রাষ্ট্রদূত জিওর্জিও জুগলিয়েলমিনো, ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জার্বেন ইয়ং এবং নরওয়ের রাষ্ট্রদূত আনেলি লিন্ডাল কেনি।