>আজ বৃহস্পতিবার পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। ৩, ৪ ও ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৪, ২৫ ও ২৬ জুন
হাতে লুডুর বোর্ড, তার ওপর সাদা এক টুকরো কাগজে লেখা ট্রেনের নাম, গন্তব্য ও তারিখ। ঈদে ঘরে ফেরার টিকিটের জন্য গতকাল বুধবার ভোর ছয়টায় কমলাপুর রেলস্টেশনের ১৮ নম্বর কাউন্টারের সামনে লুডুর বোর্ড নিয়ে বসে ছিলেন রাবেয়া আক্তার। সকাল সাড়ে আটটায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ১ জুলাইয়ের চারটি টিকিট হাতে পান ২০ বছর বয়সী এই তরুণী।
টিকিট পেয়ে ক্লান্তির ছায়া ঠেলে হেসে রাবেয়া বললেন, ‘অনেক সময় অপেক্ষা করে টিকিট পেয়েছি। মনে হচ্ছে এখনই ঈদ চলে এসেছে।’
কাউন্টারের সামনে জায়গা নিতে আগের দিন মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় স্টেশনে এসেছিলেন রাবেয়া। টানা প্রায় ১৪ ঘণ্টা কখনো লুডু খেলে, কখনো গল্প করে সময় পার করতে হয় তাঁকে। ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন গতকাল রাবেয়ার মতো ঘরমুখী হাজারো মানুষ ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। আগেভাগে এলেও দাঁড়াতে হয় তাঁদের লম্বা লাইনে। কাউন্টারগুলোর সামনে অনেকেই চার-পাঁচজন সঙ্গী নিয়ে তাস খেলে, গল্প করে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। তাঁদের ইফতার, সাহরি সব চলেছে এখানে, ঝিমুনি এলে লাইনে কাগজ বিছিয়ে ঘুমিয়ে পড়েন কেউ কেউ।
আরও চার দিন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে কমলাপুর রেলস্টেশনে। আজ বৃহস্পতিবার পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাই ট্রেনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন।
সরকারি একটি সংস্থার কর্মকর্তা বাপ্পা মল্লিক ঢাকা-চট্টগ্রাম পথের সুবর্ণ এক্সপ্রেসের ১ জুলাইয়ের টিকিটের জন্য এসেছিলেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে। তিনি সকাল আটটায় কাউন্টার থেকে টিকিট পান।
অবশ্য টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে শুয়ে-বসে অপেক্ষা করতে হয়নি রেজাউল করিমকে। গতকাল সকালে মোবাইল ফোনে এসএমএস পাঠান তিনি। ফিরতি এসএমএসে ১ জুলাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহানগরী প্রভাতী ট্রেনে তাঁর চারটি টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ জন্য নির্ধারিত ১৯ নম্বর কাউন্টারটিও ছিল বেশ ফাঁকা। এসএমএসসহ কোড নম্বর দেখিয়ে চারটি টিকিট সংগ্রহ করেন রেজাউল। তিনি বলেন, ‘মোবাইল ফোনে রেজিস্ট্রেশন করে কয়েক বছর ধরে এভাবে টিকিট কিনে আসছি। প্রতি টিকিটের জন্য ২০ টাকা বাড়তি দিতে হয়। ঝামেলা-অনিশ্চয়তা কোনোটাই থাকে না।’
দুপুর ১২টার মধ্যে লাইনগুলো বেশ ছোট হতে দেখা যায়। রেলওয়ের কর্মকর্তা ও টিকিট প্রত্যাশী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সময় লম্বা ছুটি পড়েছে। তাই নির্দিষ্ট দিনে ঘরমুখী মানুষ ছুটির শুরু থেকে ঢাকা ছাড়বেন। এ জন্য ঈদের এক-দুই দিন আগে যাত্রীদের চাপ তুলনামূলক কম থাকবে।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, অন্যান্য বছর ঈদের ৫ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি করা হতো। এবার ঈদের ১০ দিন আগে সেটি করা হচ্ছে। কাউন্টারের সংখ্যা ছিল ২০টি। এবার বাড়িয়ে ২৩টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এসব কাউন্টারে প্রতিদিন ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে সাধারণ কোটায় ৬৫ ভাগ, অনলাইন ও মুঠোফোনে ২৫ ভাগ, ভিআইপি কোটায় ৫ ভাগ ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ ভাগ কোটায় টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।
সিতাংশু চক্রবর্তী আরও জানান, যাত্রীদের চাপ কমাতে এবার বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ৮৪টি বগি সংযোজন করা হবে। এ ছাড়া ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে বিশেষ ট্রেন চলবে। ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথে এক জোড়া নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন চালু করা হবে। টিকিট কালোবাজারি ঠেকাতে রেলওয়ে পুলিশের পাশাপাশি র্যা ব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েক শ সদস্য কমলাপুর রেলস্টেশনে কাজ করছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, টিকিট কালোবাজারিসহ অনিয়ম ঠেকাতে কাজ করছেন রেলওয়ে পুলিশের ১২০ জন। সিসিটিভি ক্যামেরা দিয়েও নজরদারি করা হচ্ছে। কারও গতিবিধি সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।