দীর্ঘ চিকিৎসায় মাদকাসক্তি পুরোপুরি ভালো হয়

বিকেল চারটা। রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনের চিত্রা হলে প্রবেশ করতেই দেখা গেল, তিনটা টেবিলে একজন মনোরোগ চিকিৎসক আর একজন করে মাদকাসক্ত ব্যক্তি একা বা অভিভাবকসহ পরামর্শ নিচ্ছেন। আরেকটি টেবিলে পরামর্শ সহায়তা শেষ করে আলোচনা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন দুই মনোরোগ চিকিৎসক।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৮৩–এর চিত্র এটি। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ সভার আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।
মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে এই পরামর্শ সহায়তা দেওয়া হয়। রাজধানীর মিরপুর থেকে এক বাবা এসেছেন তাঁর মাদকাসক্ত ছেলের বিষয়ে পরামর্শ নিতে। তিনি জানালেন, তাঁর ছেলে ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের কিছুদিন পরেই স্ত্রী আত্মহত্যা করে। সে যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখন সে নিয়মিত মাদক নেয়।
বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যক্তিগত পরামর্শ সহায়তা চলে। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে বিশেষজ্ঞ, মাদকাসক্ত ব্যক্তি ও তাঁর অভিভাবকেরা অংশ নেন।
সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি একটি রোগ; যা সম্পূর্ণ নিরাময়যোগ্য। বিষয়টি লুকিয়ে রাখা যাবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি উপযুক্ত চিকিৎসা। তবে মাদকাসক্ত ব্যক্তির মাদক ছাড়ার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি, তাঁকে নিজের জীবনের গুরুত্ব অনুধাবন করতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ও অধ্যাপক মোহিত কামাল বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা ভুল প্রক্রিয়ার মাধ্যমে মানসিক সমস্যার মোকাবিলা করে। সে মাদক নিয়েই ভালো থাকার চেষ্টা করে। অথচ তারা বুঝতেই পারে না এতে তার ব্যক্তিজীবনের পাশাপাশি পরিবারেরও ক্ষতি হয়।
মাদক একটি মানসিক রোগ উল্লেখ করে একই ইনস্টিটিউটের চিকিৎসক ফারজানা রহমান বলেন, একবার মাদকাসক্ত হলে এটি বারবার হতে পারে। এ ক্ষেত্রে ধৈর্য নিয়ে মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা করাতে হবে। কোনোভাবেই তড়িঘড়ি করে তাকে বিয়ে দেওয়া বা বিদেশে পাঠানো যাবে না।
গতকালের সভায় আরও পরামর্শ দেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল, মেখলা সরকার ও শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মনোরোগ চিকিৎসক মো. যোবায়ের মিয়া।