দীর্ঘ ছুটির পরও ঢাকায় ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত দিন ছুটি শেষে গতকাল বুধবার সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক-বিমা খুললেও সর্বত্রই ছিল ঈদের আমেজ। কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, দর্শনার্থী—সবারই উপস্থিতি ছিল একেবারেই কম। কোথাও স্বাভাবিক কাজকর্ম হয়নি। সব জায়গায় ঘুরে-ফিরে একই কথা শোনা গেছে, আগামী রোববারের আগে এই ঢিলেঢালা ভাব কাটবে না।গতকাল যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের অধিকাংশই ঈদের ছুটির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়ে গেছেন। সঙ্গে পাচ্ছেন শুক্র ও শনিবার। সরকারি-বেসরকারি অনেক অফিসে ছুটি না নিয়েও অনেক কর্মকর্তা-কর্মচারী গতকাল দেরি করে এসে হাজিরা দিয়েই চলে গেছেন। অনেকে আবার এক দিন বা দুই দিন বিলম্বে এসে ছুটি সমন্বয় করবেন। এসব কারণে বিভিন্ন অফিস ও ব্যাংক-বিমায় আজও প্রায় একই অবস্থা চলবে বলে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।গতকাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। কোনো কোনো দপ্তর ছিল একেবারেই ফাঁকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তিনটি শাখায় (কক্ষ) গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে আসনে দেখা যায়নি। এই মন্ত্রণালয়ের অন্য শাখাগুলোতেও হাতে গোনা কয়েকজন কুশল বিনিময় করে সময় শেষ করেছেন। এ ছাড়া স্থানীয় সরকার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও বন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। অন্যান্য মন্ত্রণালয়েও ছিল একই চিত্র। যাঁরা এসেছিলেন তাঁদেরও প্রধান কাজ ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও শুভেচ্ছা বিনিময় করেছেন নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। তবে সব মন্ত্রী গতকাল সচিবালয়ে যাননি। সচিবালয়ে দর্শনার্থীও খুব একটা দেখা যায়নি। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ও জনতা ব্যাংকের প্রধান কার্যালয়, ওয়াপদা ভবন; দিলকুশায় বিএডিসি, রাজউক ভবন প্রভৃতিতেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। বিজয়নগরে একটি বেসরকারি ব্যাংকের শাখা কার্যালয়ে বেলা পৌনে ১২টার দিকে গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগ চেয়ারই ফাঁকা। কয়েকজন যাঁরা এসেছেন তাঁরাও শুভেচ্ছা বিনিময় আর কুশল বিনিময় করেই সময় পার করছেন। সেবাগ্রহীতাও ছিল কম। অন্যান্য অফিসের চিত্রও ছিল একই। বিভিন্ন ব্যাংকের যেসব শাখায় পানি-বিদ্যুত্, গ্যাস-টেলিফোনের বিল নেওয়া হয়, সেখানে সকালে ছিল মানুষের দীর্ঘ সারি। কারণ, ব্যাংকে সংশ্লিষ্ট কাজের কর্মকর্তা-কর্মচারী ছিল কম। যেখানে দুজন কর্মকর্তা বিল নিতেন সেখানে ছিলেন একজন।মানুষের উপস্থিতি কম থাকায় ঢাকার সড়কগুলোতেও ফাঁকা ভাব দেখা গেছে। যানবাহন ও লোকজন দুই-ই ছিল সীমিত। ফলে যাঁরা ইতিমধ্যে ঢাকায় এসেছেন বা ঢাকাতেই ছিলেন তাঁরা সহজেই যানজটমুক্ত পরিবেশে চলাচল করতে পেরেছেন। ঈদের আগে সরকারি অফিস সর্বশেষ খোলা ছিল ১৪ আগস্ট। এর পরদিন ১৫ আগস্ট ছিল জাতীয় শোক দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ছিল শবে কদরের ছুটি। এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে রোববার থেকে ঈদের তিন দিনের ছুটি মিলিয়ে এবার সাত দিনের লম্বা ছুটি ভোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।