দীর্ঘ ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ শনিবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত ভারতে ছুটি থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার বাংলাদেশে এবং রোববার ভারতের সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর থেকে পুরোদমে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতের পেট্রাপোল কাস্টম দপ্তরের একজন সহকারী কমিশনার জানান, ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে ভারতে। যে কারণে এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে, পণ্যের শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে এখন প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি ও ১০০ থেকে ১২০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। ১২ অক্টোবর পর্যন্ত ভারতে ছুটি থাকলেও দুই দেশের সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি স্বাভাবিক হতে আরও তিন দিন সময় লেগে যাবে। দীর্ঘ ছুটির কারণে বেনাপোল ও পেট্রাপোলে আমদানি-রপ্তানি পণ্যের তীব্র জট বাঁধতে পারে বলে বন্দর ব্যবহারকারীরা শঙ্কা প্রকাশ করেছেন।