দীর্ঘ প্রত্যাশার রায় পেয়ে কেঁদেছি: নূজহাত চৌধুরী

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নূজহাত চৌধুরী। তিনি বলেছেন, ‘এই রায়ের পরেও অনেক কেঁদেছি। কারণ রায়টি পেতে আমাদের দীর্ঘ ৪৪ বছর অপেক্ষা করতে হয়েছে।’
আজ রোববার বিকেলে সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে এক সাক্ষাৎকারে প্রথম আলোকে নূজহাত চৌধুরী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নূজহাত চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে কারও ফাঁসি হবে, এটা আমাদের চিন্তার অধিক ছিল। যারা গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে চলেছিল, মন্ত্রী ছিল, তাদের যে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে, এটা যতক্ষণ কার্যকর না হচ্ছিল, ততক্ষণ আমরা ভাবতেই পারছিলাম না। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের কারণে। আর আমরা সবাই তাঁর কাছ থেকে সাহস ধার করে চলছি। তাঁর সাহসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ।’
নূজহাত বলেন, ‘এই রায়ের পরেও আমরা অনেক কেঁদেছি। কারণ বাংলাদেশের জন্য যে সূর্য সন্তানেরা প্রাণ দিয়েছিল তাঁদের হত্যার বিচারের জন্য তাঁদের সন্তান হিসেবে আমাদের খুব কষ্ট করতে হয়েছে। দীর্ঘ ৪৪ বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সর্বোচ্চ বিচার পেয়েছি। এই বিচারের ফলে জাতি হিসেবে আমরা আরও এগিয়ে গেলাম। এই রায়ে আমরা যেমন সন্তুষ্ট, তেমনি সবার কাছে কৃতজ্ঞ।’
শীর্ষ নেতাদের সর্বোচ্চ সাজা পাওয়ার পর তাঁদের অনুসারীদের মধ্যে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কি—এমন প্রশ্নের জবাবে ডা. নূজহাত চৌধুরী বলেন, ‘ না আমি এমনটা মনে করি না। কারণ তারা প্রজন্মের পর প্রজন্মের অনুসারী রেখে গেছে। যতক্ষণ না পর্যন্ত জামায়াতের বিচার হবে, তাদের মূলোৎপাটন হবে, ততক্ষণ তাদের অনুসারী থাকবে। এ জন্য আমাদের জামায়াতের বিচারের দিকে যেতে হবে।’
বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নূজহাত চৌধুরী বলেন, সাকা-মুজাহিদের ফাঁসির মাধ্যমে প্রমাণিত হয়েছে অন্যায় করে পার পাওয়া যায় না। দেশের বিরুদ্ধে রাজনীতি করে কেউ বড় হতে পারে না।