দীর্ঘ প্রস্তুতি নিয়ে আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাস। সখীপুর থেকে গত রোববার উদ্ধার করা হয়  গাড়িটি (বাঁয়ে)। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় অপর মাইক্রোবাসটি ।  ছবি: প্রথম আলো
জঙ্গি ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাস। সখীপুর থেকে গত রোববার উদ্ধার করা হয় গাড়িটি (বাঁয়ে)। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় অপর মাইক্রোবাসটি । ছবি: প্রথম আলো

কারাবন্দী নেতাদের ছিনিয়ে নিতে অনেক দিন ধরেই পরিকল্পনা কষছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এ জন্য অন্তত নয় মাস আগে থেকে মাইক্রোবাস কেনাসহ অন্যান্য প্রস্তুতি নিতে শুরু করে তারা।
সবকিছু গুছিয়ে নিয়ে ঘটনার এক সপ্তাহ আগে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) এবং আসামি আনা-নেওয়ার গাড়ির (প্রিজন ভ্যান) গতিবিধি ও এর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের জনবল ও অস্ত্র সম্পর্কে ধারণা নেওয়া হয়।
এ ছাড়া কারাবন্দী জেএমবির নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান মুঠোফোনে বাইরের সহযোগী জঙ্গিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। ধরা পড়ার পর তাঁর কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করে পুলিশ।
গত রোববার তিন জঙ্গিনেতাকে ছিনিয়ে নেওয়ার পর গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্য জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান। তাঁদের দাবি, আক্রমণ পরিচালনায় জঙ্গিরা দুটি মাইক্রোবাস, একটি কার ও একটি মোটরসাইকেল ব্যবহার করেছেন। মাইক্রোবাস দুটি পুলিশ আটক করেছে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, একটি মাইক্রোবাস নয় মাস আগে, আরেকটি ঘটনার দুই দিন আগে কেনেন জঙ্গিরা।
গত রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালে জঙ্গিরা ঝটিকা আক্রমণ চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় পুলিশের এক সদস্য নিহত ও দুজন আহত হন।
ছিনিয়ে নেওয়া জঙ্গিরা হলেন জেএমবির মজলিসে শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন (৩৮), হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজান (৩৫)।
অবশ্য পালিয়ে যাওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের সখীপুরে ধরা পড়েন হাফেজ মাহমুদ। ১৪ ঘণ্টা পর তিনি কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। একই দিন জাকারিয়া ও রায়হান ওরফে রাসেল নামের আরও দুই জঙ্গি ধরা পড়েন। পলাতক বাকি দুই জঙ্গি সালাহউদ্দিন ও বোমা মিজানকে ধরতে গতকাল সরকারের পক্ষ থেকে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার ঘোষণা দেওয়া হয়।
গুলি ও বোমা মেরে আসামি ছিনতাই এবং পুলিশ হত্যার ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল থানায় দুটি ও টাঙ্গাইলের সখীপুর থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া জাকারিয়া ও রাসেলের বিরুদ্ধে সখীপুর থানার দুটি মামলায় গতকাল সোমবার টাঙ্গাইলের একটি আদালত ১০ দিন করে ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সখীপুর থেকে গ্রেপ্তার জেএমবির সদস্য রাসেল ও জাকারিয়াকে টাঙ্গাইল আদালতে হাজির
সখীপুর থেকে গ্রেপ্তার জেএমবির সদস্য রাসেল ও জাকারিয়াকে টাঙ্গাইল আদালতে হাজির

পুলিশ জানায়, জাকারিয়া ও কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে হাফেজ মাহমুদকে সখীপুর পুলিশ ও ঢাকা থেকে যাওয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করেছে।
কারাগারে মুঠোফোন ছিল জঙ্গিদের: সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ মাহমুদ বলেছেন, কারাগারে তাঁর কাছে একটি মুঠোফোন ছিল। তিনি মাঝেমধ্যে সেটি ব্যবহার করতেন। সেই ফোনের মাধ্যমেই বাইরে থাকা সহযোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে।
অবশ্য কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিটের সিনিয়র জেল সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোর কাছে দাবি করেন, আসামির কাছে মুঠোফোন থাকার সুযোগ নেই। কারাগারের ভেতরে মুঠোফোনের তরঙ্গ প্রতিরোধযন্ত্র (জ্যামার) লাগানো রয়েছে। এ ছাড়া সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হয়।
গ্রেপ্তার হওয়া জঙ্গিদের উদ্ধৃত করে পুলিশ জানায়, হাফেজ মাহমুদের মুঠোফোনের মাধ্যমে বাইরের সহযোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সবকিছুই ছিল অনেক দিনের পরিকল্পনার অংশ। সে অনুযায়ী পুরো হামলায় ১০-১২ জন ব্যক্তি অংশ নেন। তাঁদের কেউ কেউ শনিবার রাতে ময়মনসিংহের ভালুকায় রাত কাটান। এর আগের সাত দিন তাঁরা মাইক্রোবাসে এ মহাসড়কে এসে দফায় দফায় রেকি করে গেছেন। সড়কের উন্নয়নকাজ চলমান থাকায় কোথায় যানবাহনের গতি কমে যায় এবং আশপাশে তুলনামূলক নির্জন ও পালাতে সহজ এমন জায়গা তাঁরা খুঁজে ত্রিশালের সাইনবোর্ড এলাকা নির্ধারণ করেন।
গোয়েন্দাদের একটি সূত্র জানায়, হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন জেএমবির সদস্য ফারুক, সবুজ, মিলন, সাজেদুর ও জাকারিয়া (গ্রেপ্তার আছেন)।
যেভাবে পালান জঙ্গিরা: পরিকল্পনা অনুযায়ী আসামি ছিনতাই করে দুটি মাইক্রোবাস, একটি কার ও একটি মোটরসাইকেলে সবাই পালিয়ে যান। পলাতক তিনজনের মধ্যে একজন সাদা মাইক্রোবাসে, একজন কারে ও আরেকজন মোটরসাইকেলে উঠে পালান বলে পুলিশকে বলেছেন গ্রেপ্তার হওয়া জাকারিয়া।
তবে রোববার প্রত্যক্ষদর্শীরা কেউ প্রথম আলোকে ঘটনাস্থলে মোটরসাইকেল ও কার দেখার কথা জানাননি। পুলিশ কর্মকর্তাদের ধারণা, মোটরসাইকেল ও কারটি ঘটনাস্থলের অদূরে কোথাও ছিল।
সখীপুর থানার ওসি জানান, তাঁদের জিজ্ঞাসাবাদে হাফেজ মাহমুদ বলেছেন, প্রিজন ভ্যান থেকে পালানোর পর তিনি একটি মোটরসাইকেলে করে ভালুকায় আসেন। সেখানে দাড়ি কামিয়ে পোশাক পরিবর্তন করেন। এরপর ৫০০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইয়ের উদ্দেশে রওনা দেন। গোড়াইয়ের ওপর দিয়ে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক চলে গেছে। কিন্তু তার আগেই সখীপুরের তক্তারচালায় পুলিশের তল্লাশিচৌকিতে ধরা পড়েন তিনি।
পুলিশ বলছে, ময়মনসিংহের ভালুকায় জঙ্গি দলের রাত কাটানো, সেখানে হাফেজ মাহমুদের দাড়ি কাটা, পোশাক পরিবর্তন—এসব কাজে দলের সেখানকার কেউ সাহায্য করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০ লাখ টাকায় দুটি মাইক্রোবাস ক্রয়: এ ঘটনার জন্য জঙ্গিরা যে দুটি মাইক্রোবাস ব্যবহার করেছেন, সেগুলো তাঁরা ২০ লাখ টাকায় ক্রয় করেছেন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, এর মধ্যে কালো রঙের টয়োটা ভক্সি মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো চ-১১-৬০৪৮) কেনা হয়েছে নয় মাস আগে। গাড়িটির মূল মালিক ছিলেন সাভার থানার আশুলিয়ার মো. বান্দু মিয়া। ঘটনার পর গাড়িটি চালিয়ে পালানোর সময় ধরা পড়েন জাকারিয়া।
সখীপুর থানার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জাকারিয়া বলেছেন, ১০ লাখ ৮০ হাজার টাকায় নয় মাস আগে গাড়িটি কিনে নিজের হেফাজতে রেখেছিলেন। পরে এই মাইক্রোবাসের ব্লু-বুকসহ অন্য কাগজপত্র টঙ্গীতে জাকারিয়ার ভাড়া বাসায় পাওয়া গেছে। ঘটনার সময় জাকারিয়াসহ চারজন ওই মাইক্রোবাসে ছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল ভরাডোবা-সাগরদীঘি হয়ে চন্দ্রা পর্যন্ত গিয়ে গাড়িটি ফেলে রেখে বাসে করে পালিয়ে যাওয়া। কিন্তু তার আগেই সখীপুর পুলিশের তল্লাশিচৌকির মুখে পড়েন। তখন পালানোর সময় চালক জাকারিয়া ধরা পড়েন। বাকিরা পালিয়ে যান। এ মাইক্রোবাসে একটি পিস্তল (৭.৬৫), হাতে তৈরি ছয়টি বোমা ও লোহা কাটার যন্ত্র পাওয়া গেছে। তবে এ গাড়িতে কোনো ডান্ডাবেড়ি বা হ্যান্ডকাফ পাওয়া যায়নি।
জঙ্গিরা অপর মাইক্রোবাসটি ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলের সামনে ফেলে যান। পরে পুলিশ সেটি উদ্ধার করে। সেটির ভেতরে পাওয়া যায় হাতকড়া, ডান্ডাবেড়ি—এসব কাটার যন্ত্র ও কালো পোশাক ও মুখোশ।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, সাদা রঙের এই টয়োটা নোহা মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ-১৩-২৬৮৮) মালিক ছিলেন রাজধানীর মোহাম্মদপুরের আজহার হোসেন। তাঁর কাছ থেকে ২০১২ সালে সেটি কেনেন রাজধানীর বনশ্রী এলাকার ব্যবসায়ী মজিবুর খান। তিনি প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে তিনি মোতাহার নামের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে গাড়িটি ১০ লাখ টাকায় বিক্রি করেছেন।
মোতাহার থাকেন মাদারটেকে। তিনি প্রথম আলোকে বলেন, উত্তরার আল-আমিন নামের আরেক মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি গাড়িটি বিক্রি করেন। গত শুক্রবার সকালে এক যুবক এসে নগদ টাকা দিয়ে গাড়িটি নিয়ে গেছেন। তখন আল-আমিন আসেননি। গতকাল আল-আমিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চলছে অভিযান: গাড়ি ফেলে রাখার ধরন দেখে পুলিশ ধারণা করছে, পলাতক দুই জঙ্গি ও তাঁদের সহযোগীরা এখনো সখীপুর, মধুপুর, মির্জাপুর, ঘাটাইল, ত্রিশাল, ফুলবাড়িয়া উপজেলাজুড়ে থাকা ভাওয়াল-মধুপুরগড় অঞ্চলের কোথাও লুকিয়ে আছেন।
গতকাল পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যেহেতু সাদা গাড়িটি ত্রিশালে পাওয়া গেছে, তাই ধারণা করছি, পলাতক ও হামলাকারীরা এই এলাকার জঙ্গলে বা টিলায় কোথাও লুকিয়ে রয়েছে। তাদের ধরতে ময়মনসিংহ ও টাঙ্গাইল পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে।’ তিনি জানান, এখন সখীপুর, মির্জাপুর, ঘাটাইল, ত্রিশাল, ফুলবাড়িয়াসহ আশপাশের সব থানার পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পলাতক জঙ্গিরা যাতে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওই পারে যেতে না পারেন, সে জন্য কিশোরগঞ্জের পুলিশকেও সতর্ক করা হয়েছে।
কারাগারে তদন্ত কমিটি: জেএমবির তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে সরকার গঠিত কমিটি গতকাল সোমবার বিকেলে কাশিমপুর কারাগার পরিদর্শন করে।
কারাগার সূত্র জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা গত রোববারের বন্দী হস্তান্তর-প্রক্রিয়া যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখেন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন গাজীপুর ও ত্রিশাল প্রতিনিধি]