দীর্ঘ বন্যা, হাওরে ফসলডুবি মোকাবিলায় নদী খনন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে দীর্ঘ বন্যা ও হাওরে ফসলডুবির মূল কারণ নদ-নদীর নাব্যতা হ্রাস পাওয়া। নদ-নদীতে পানির ধারণক্ষমতা অস্বাভাবিকভাবে কমায় বছর বছর বন্যা ও হাওরে ফসলহানি ঘটছে। প্রাকৃতিক এ অবস্থা মোকাবিলায় সব নদ-নদী পরিকল্পিতভাবে খনন এখন সময়ের দাবি। জাতীয় স্বার্থে সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

গত বুধবার রাতে নগরের মহাজনপট্টি এলাকায় সংগঠনের কার্যালয়ে সিলেট বিভাগীয় নেতাদের যৌথ সভা থেকে এ আহ্বান জানানো হয়।

যৌথ সভায় সভাপতিত্ব করেন এনডিএফ সিলেট জেলা কমিটির সভাপতি কুমার চন্দ্র রায়। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহজাহান কবির উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগের মৌলভীবাজার ও সিলেটের নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতি ও হাওরে ফসলডুবির পরবর্তী অবস্থা নিয়ে বক্তব্য দেন এনডিএফ মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, সুনামগঞ্জ জেলার সভাপতি বাদল সরকার, সিলেট জেলার সাধারণ সম্পাদক জয়দীপ দাস, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।

বক্তারা এবারের বন্যা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বলে অভিহিত করেন। তবে অন্যান্য বারের মতো বন্যার দীর্ঘস্থায়ী অবস্থান নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

যৌথ সভায় অংশ নেওয়া এনডিএফের কেন্দ্রীয় প্রতিনিধি শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, আমরা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এটি হলে ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি হবে না।