ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে শত শত যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।এলাকাবাসী জানায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মীরা গতকাল সদর উপজেলার কোনাবাড়ী, বাইপাইল ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রাস্তা সংস্কারের কাজ করে। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সড়কে যানবাহনের চাপও ছিল বেশি। এতে সকাল থেকেই ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় যানজট বাড়তে থাকে। কোনাবাড়ী থেকে উভয়দিকে ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, সড়ক মেরামতের কাজ চলায় বেশি যানজট সৃষ্টি হয়েছে।গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, ঢাকা-টাঙ্গাইল সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। ঈদের আগে সেগুলো মেরামত করা না হলে আরও বেশি সমস্যা সৃষ্টি হবে। তাই মেরামতের কাজ দ্রুত শেষ করা হচ্ছে।