দীর্ঘ যানজট ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার বেলা ১১টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা। যানজটে থমকে আছে গাড়ি। গতকাল দিনভর এই মহাসড়কের বিভিন্ন অংশে যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের l ছবি: প্রথম আলো
মঙ্গলবার বেলা ১১টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা। যানজটে থমকে আছে গাড়ি। গতকাল দিনভর এই মহাসড়কের বিভিন্ন অংশে যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের l ছবি: প্রথম আলো

দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তীব্র যানজটের কারণে গত সোমবার রাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলের সড়কযোগাযোগ অনেকটাই স্থবির হয়ে পড়ে। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট গতকাল মঙ্গলবার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সন্ধ্যায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল।
এই যানজটের কারণে যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে। পুলিশ, ভুক্তভোগী ও পরিবহনশ্রমিকেরা জানান, দুর্ঘটনা, যানবাহন বিকল হয়ে পড়া, ঈদ-পূজার জন্য যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের স্থানে স্থানে গর্ত—এই চার কারণে দীর্ঘ যানজট। সোমবার রাতের বিভিন্ন সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই, ধেরুয়া, মির্জাপুর বাইপাস ও পাকুল্যাতে অন্তত পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যানজট বাড়তে বাড়তে গতকাল সকালে গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার পর যানজট কমতে থাকে।
অন্যদিকে সোমবার দিবাগত রাত একটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরানো হলেও এর মধ্যেই যানজটের সৃষ্টি হয়। ওই যানজট গতকাল সকালে দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ ছাড়া কয়েক দিনের বৃষ্টিতে দাউদকান্দির আমিরাবাদ, হরিপুর ও জিংলাতলীতে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে এবং এসব স্থানে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি করছে।
যানজটের কারণে কোরবানির পশুবাহী ট্রাক আটকে আছে। ঈদ-পূজায় ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে শৌচকর্ম সম্পাদনের ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ছেন।
এদিকে মহাসড়কের পাশ ঘেঁষে অনেক স্থানে কোরবানির পশুর হাট বসেছে। পূজা ও পশুর হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য নিয়োগ করায় ঈদুল ফিতরের মতো এবার মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে এই সদস্যদের উপস্থিতি কম। পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশ সদস্যরা আশঙ্কা করছেন, মহাসড়ক ঘেঁষে বসানো পশুর হাটে কেনা-বেচা বেড়ে গেলে এবং ঘরমুখো মানুষের চাপ বাড়লে মহাসড়কে দুর্ভোগ বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ শুরু হবে মহাসড়কে। তাই এসব বিষয়ে এখনই নজর না দিলে ঘরমুখী মানুষকে অসহনীয় দুর্ভোগে পড়তে হতে পারে।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, সোমবার রাতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কেউ হতাহত হয়নি। তবে এ জন্য সৃষ্ট দীর্ঘ যানজটে আটকে থেকে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। জটে আটকা পড়ে কোরবানির পশুবাহী অনেক ট্রাক। ওই সব ট্রাকের পশুর মাথায় পানি দিতে ও বাতাস করতে দেখা যায়।
চাঁদপুরের কচুয়ার কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ঢাকার কারওয়ান বাজার থেকে পিকআপে সবজি নিয়ে আসার পথে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকায় তিনি-চার ঘণ্টা যানজটে আটকে ছিলেন। তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে সবজি নষ্ট হয়ে যাবে। তিনি আর্থিক ক্ষতিতে পড়বেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল্লাহ পাটোয়ারী বলেন, দুর্ঘটনা ছাড়াও রাতে অনেক চালক মহাসড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন। এতে সড়ক সরু হয়ে যায়। এ ছাড়া বৃষ্টিতে মহাসড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় এসব স্থানে যানবাহনের গতি কমাতে হয়। এসব কারণেই মূলত যানজট।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঈদ সামনে রেখে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মহাসড়কের টাঙ্গাইল অংশে আগের রাতে সৃষ্ট যানজট গতকাল বেলা সাড়ে ১১টার পর থেকে কমতে থাকে। স্বাভাবিক হতে থাকে যান চলাচল। তবে গাজীপুরের কালিয়াকৈর থেকে চন্দ্রা মোড় পর্যন্ত বেলা দুইটায়ও যানজট ছিল। মির্জাপুরের গোড়াই, শুভুল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া ও করটিয়ায় মহাসড়কে বাঁক রয়েছে। এ কারণে এসব স্থানে যানবাহনের গতি কমে যাচ্ছে।