আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের নয় বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যা মামলার বিচারকাজ এখনো শুরু হয়নি।
কিবরিয়া হত্যা মামলায় পুলিশ দুবার অভিযোগপত্র দিলেও নিহতের পরিবার তা মেনে নেয়নি। আদালতের নির্দেশে ২০১২ সালের মার্চে তৃতীয়বারের মতো তদন্তকাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়া নিহত হন। একই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের আরও চার নেতা-কর্মী নিহত হন। আহত হন ৭০ জন। এ ঘটনার পরদিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সাংসদ) আবদুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
২০১১ সালের ৫ ডিসেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ হত্যাকাণ্ডের বিষয়ে পাঁচটি নির্দেশনা দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন সিআইডিকে। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা ২০১২ সালের ২০ মার্চ তদন্তকাজ শুরু করেন। তিনি প্রথম আলোকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অধিকতর তদন্ত চলছে। আরও সময় লাগবে। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে আগে যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, তাঁর সত্যতা পাওয়া গেছে। তবে আসামির সংখ্যা বাড়তে পারে।
শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হচ্ছে না। সরকারেরও তেমন ইচ্ছা নেই। এখনো সেই পুরোনো গল্পে বিচারের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পাঁচ বছর, আবারও আছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা মূল পরিকল্পনাকারী ও গ্রেনেডের উৎস সম্পর্কে জানতে চাই।’
বর্তমানে এ হত্যা মামলায় গ্রেপ্তার আছেন লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নানসহ নয়জন। পলাতক রয়েছেন ছয়জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য থেকে মুফতি আবদুল হান্নান ও সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের ৫০ দিনের মধ্যে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান তদন্ত শেষ করে ২০০৫ সালের ২০ মার্চ আদালতে প্রথম অভিযোগপত্র দাখিল করেন। এতে হবিগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সহসভাপতি আবদুল কাইয়ুম, ব্র্যাক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা আয়াত আলী, সাইনবোর্ড লেখক কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্কুলশিক্ষক শাহেদ আলী, তাজুল ইসলাম, একই এলাকার জয়নাল আবেদীন জালাল, লস্করপুর বিএনপির নেতা জমির আলী, ডাকপিয়ন জয়নাল আবেদীন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমানকে অভিযুক্ত করা হয়। তাঁরা প্রত্যেকেই উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে জামিনে আছেন।
এই অভিযোগপত্রের সঙ্গে দ্বিমত পোষণ করে সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ২০১১ সালের ২০ জুন আদালতে দ্বিতীয় অভিযোগপত্র দাখিল করেন। তাতে গ্রেপ্তার নয়জন, পলাতক ছয়জনসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়।
এদিকে, কিবরিয়া হত্যা মামলার আইনজীবী আলমগীর ভূঁইয়া জানান, মামলার অন্যতম আসামি নাঈম আহমেদ ওরফে আরিফের পক্ষ থেকে তাঁর আইনজীবী গতকাল রোববার হবিগঞ্জ জজ আদালতে জামিন চান। শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসনুল ইসলাম আবেদন নামঞ্জুর করেন।