ক্ষুদ্র ব্যবসায় বারবার লোকসান। তাই সংসারের চাকা সচল রাখতে ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কে বাসচালকের সহকারীর (হেলপার) কাজ শুরু করেন রতন রায়। টানা অবরোধের কারণে বাস চলাচল এখন বন্ধ। বাধ্য হয়ে তিনি বেছে নিয়েছেন দিনমজুরের কাজ।
শুধু রতন নন, অবরোধ-হরতালের কারণে অনেক পরিবহনশ্রমিকেরই এখন আয় বন্ধ। খাবার জোগাতে তাঁরা বেছে নিয়েছেন বিকল্প পথ। এ ক্ষেত্রে দিনমজুরের কাজই তাঁদের প্রথম পছন্দ। ঠাকুরগাঁও শহরে এ ধরনের দিনমজুরের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সেখানেও বিপত্তি। অভিজ্ঞতা না থাকায় রতনের মতো নতুন শ্রমিকদের নিতে চান না মহাজনেরা।
গত মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে দেখা যায়, বাইসাইকেল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন নানা বয়সী মানুষ। তাঁদের অনেকের হাতে কোদাল, বাঁশের ঝুড়ি ও চটের থলে।
সদর উপজেলার ভাতগাঁও গ্রামের আবুল কাশেম জানান, এখানে নিয়মিত ৬০ থেকে ৭০ জন শ্রমিক কাজের সন্ধানে ভিড় করেন। অবরোধ শুরুর পর এ সংখ্যা বাড়ছে। তবে অভিজ্ঞতা না থাকায় নতুন শ্রমিকেরা খুব একটা কাজ পাচ্ছেন না।
পরিচয় গোপন রাখার শর্তে একজন শ্রমিক বলেন, ‘অবরোধের কারণে রাস্তায় গাড়ি বের করা যাচ্ছে না। কিন্তু পেট তো আর অবরোধ মানে না। কাজের খোঁজে এখানে এসেছি। কিন্তু মহাজনরা নতুন মজুরদের নিতে চান না। তাই চিন্তায় আছি।’
আরেক পরিবহনশ্রমিক মো. হারুন জানান, গত সোমবার বাড়ির একটি ছাগল কম দামে বিক্রি করেছেন তিনি। এই টাকা দিয়ে চলবে বড়জোর তিন-চার দিন। এরপর কী হবে, সেই চিন্তাতেই তিনি দিশেহারা।
আহসান আলী নামের একজন বলেন, ‘অবরোধে সবচেয়ে বেশি ক্ষতি হয় পরিবহনশ্রমিকদের। এরই মধ্যে জমানো টাকা শেষ করে ফেলেছি। এখন ধারদেনাও পাচ্ছি না। ছেলেমেয়ের মুখে খাবার তুলে দিতে দিনমজুরের কাজ বেছে নিয়েছি। কিন্তু নতুন হওয়ায় অনেকেই কাজে নিতে চান না।’
এভাবে কাজের অভাবে পরিবহনশ্রমিকদের অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, অবরোধের কারণে মালিক-শ্রমিক সবার অবস্থাই করুণ। এ অবস্থায় শ্রমিকদের হাতে কিছু দিয়ে শান্ত রাখা যাচ্ছে। কিন্তু এভাবে বেশি দিন চালিয়ে নেওয়া তাঁদের পক্ষেও সম্ভব নয়।