লোকশিল্প
দীর্ঘ হচ্ছে লোকশিল্প হারিয়ে যাওয়ার তালিকা
শীতলপাটি বা মেয়েলি গীতের মতো পরিচিত অনেক ঐতিহ্যই হারিয়েছে। গবেষকেরা বলছেন, বিশ্বায়নের সঙ্গে এই পরিবর্তন দ্রুত হয়েছে গত তিন দশকে।
সাদা থান কাপড়ে সন্তানের জন্য পদ্ম ফুল, পালতোলা নৌকার দৃশ্য সেলাই করেছিলেন একজন মা। ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের কক্ষ থেকে চুরি হয়েছিল সে কাঁথা। স্মৃতিটা এত দিনেও ভুলতে পারেননি ওই বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। সেই কাঁথা মানে নিজের তরুণ সময়, প্রয়াত মায়ের স্পর্শ। প্রথম আলোকে বলছিলেন, ‘আমার মা তাঁর চারপাশে যা দেখেছেন, তাই তুলে ধরতে চেয়েছিলেন নকশা করে। প্রত্যক্ষভাবে এসব লোকজ ঐতিহ্য বহন করা মানুষেরা চলে গেছেন। দোকান থেকে কেনা পণ্যটি কখনো সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যের শিল্প হয় না।’
নকশিকাঁথার মতো লোকশিল্পের অনেক কিছুই এখন বাণিজ্যিকীকরণ হয়েছে। পুরোপুরি হারিয়ে যাওয়া শিল্পের তালিকা আরও দীর্ঘ। গবেষকেরা বলছেন, পরিবর্তনটা বেশি ঘটেছে গত তিন দশকে। বিশ্বায়নের সঙ্গে বেড়েছে মানুষের নিজের সংস্কৃতির সঙ্গে দূরত্ব তৈরির প্রবণতা। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে মেয়েলি গীত গাওয়া নারী, শীতলপাটি বুননকারী, নকশিকাঁথার কারিগর থেকে ক্রেতা এবং লোকশিল্পবিষয়ক গবেষকদের সঙ্গে। তাঁরা বলছেন, বাণিজ্যিক পণ্যটি হয়তো শিল্পের অনুকরণ মাত্র।
নকশিকাঁথায় উৎসব নেই, হারিয়েছে শিকা ব্যবহার
জামালপুরের নান্দিনার এক বাড়িতে নাতিদের জন্য পুরস্কার হিসেবে রান্না হতো হাঁসের মাংস। রহিমা বেগম উঠানে কাঁথা পেতে বলতেন, দ্রুত সেলাই করলে বিশেষ কিছু রান্না করে খাওয়াবেন। তাঁর মেয়ে সুফিয়া বেগম ময়মনসিংহ জেলায় বেশ কয়েকবার নকশিকাঁথা বানিয়ে প্রথম হয়েছেন। এসবই পাঁচ দশক আগের গল্প। প্রথম আলোর কাছে প্রয়াত মা আর নানির সেই স্মৃতিচারণা করছিলেন চিকিৎসক মাহমুদা হোসেন। জানালেন ‘সে আমলে নাতনিদের বিয়েতে দাদি, নানির শাড়ি দিয়ে নকশিকাঁথা বানিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। আগে তো এত রকম সুতা পাওয়া যেত না। শাড়ির পাড় থেকে রঙিন সুতা বের করা হতো বিশেষ কৌশলে।’
এদিকে দুই দশক আগেও নিজের পরিবার, স্বজনদের জন্য নকশিকাঁথা বানানোর সময় নকশাটি এঁকে নেওয়ার প্রয়োজন মনে করতেন না জামালপুরের সরিষাবাড়ীর পান্না খাতুন। হস্তশিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হওয়ার পর বদলেছে তাঁর কাজের ধরন। প্রথম আলোকে বলছিলেন, এখন তাঁকে কাজ করতে হয় ডায়াস, ট্রেসিং পেপার দিয়ে। নকশা বেশি জটিল হলে প্রয়োজনে স্ক্রিন প্রিন্টও করে নিতে হয়। স্বাভাবিকভাবেই অনেক নকশা হয়ে যায় একই রকম।
স্বতন্ত্র থাকার বৈশিষ্ট্য হারিয়েও আরেক রকমভাবে টিকে আছে এই নকশিকাঁথা। তবে বিলুপ্তির পথে রঙিন শিকা। যাকে অঞ্চলভেদে বলে ছিক্কা, ছিক্যা ইত্যাদি। গৃহস্থবাড়ির হেঁশেলসহ বিভিন্ন ঘরের দরজা দিয়ে দেখা যেত, বাতাসে দুলছে পাটের দড়ির এক নান্দনিক শিল্প। ওর ভেতর বসানো পাত্রে আছে লোভনীয় কোনো খাবার। কখনো কখনো সেই প্রতিরক্ষাব্যবস্থা পরাজিত হয়েছে বাড়ির দস্যিদের হাতে। চোখের আড়ালে তারা শিকার ভেতরের পাত্র থেকে ঠিকই বের করে নিয়েছে তুলে রাখা আচার বা মিষ্টি।
দোষ হয়েছে সাদা বিড়ালের। বেণির মতো করে নারী বেঁধেছে শিকার দড়ি। গিরা, জালি, লহরির মতো বিভিন্ন নামের পাটে তৈরি শিকায় রং, পুঁতি, কড়ি বসে হয়েছে আরও সুন্দর। প্রয়োজনের সঙ্গে লোকশিল্পে নান্দনিকতা যুক্ত হওয়ার ধাপটি পরবর্তী পর্বের। কিন্তু সহজেই বিকল্প পাওয়া গেছে বলে সেই শিকা আর এখন ব্যবহারের প্রয়োজন হয় না। এমনি স্মৃতির অ্যালবামে চলে যাওয়া আরেকটি নাম ‘চাঁদোয়া’।
শাড়ির পাড়ের চাঁদোয়া আর শীতলপাটির সাতকাহন
অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’–এ রাজা দেশ-বিদেশ বেড়াতে বের হয়েছিল সোনার চাঁদোয়া টাঙিয়ে। ফসলের গন্ধমাখা গ্রামের নারীর কাছে পরনের আটপৌরে শাড়ির সোনালি পাড়ই ছিল সেই সোনার চাঁদোয়া তৈরির উপকরণ। নান্দনিক সজ্জা ছাড়াও সংসারের দুর্বলতা ঢাকতে প্রয়োজন হতো এর। ঘরের ভাঙা বেড়া, মাথার ওপরের ঘুণে ধরা বাঁশের আড়া ঢাকতে টাঙিয়ে দেওয়া হতো একটি চাঁদোয়া। বিয়ের আসরে বর-কনের মাথার ওপর চাঁদোয়া ধরলে তাদের আরও সুন্দর দেখাত। যে নারীর সংগ্রহে যত বেশি নকশা করা শাড়ির পাড়, তাঁর শিল্পটি হবে তত বেশি সুন্দর। বাংলার লোকশিল্পের এ ঐতিহ্য হারিয়েছে ডেকোরেটরের শামিয়ানার কাছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থার কাছে এখন আবার মুখে চুনকালি লাগছে সাদা, লাল, সবুজ ডোরা দাগের সেই শামিয়ানারও। এই বদলের ভেতর কখন যেন নিখোঁজ হয়েছে কাঠের বাক্সে শাড়ির পাড় জমানোর শখটুকুও।
তবে নকশিকাঁথার মতো পরিবর্তনে মানিয়ে নিয়ে নামকাওয়াস্তে আছে শীতলপাটি। এই থাকা যে কতটা করুণ, তা বোঝা গেল মৌলভীবাজারের হরেন্দ্র কুমার দাসের কান্নায়। শীতলপাটির দুঃসময়ের বর্ণনা দিতে গিয়ে নিজেকে সামলাতে পারছিলেন না বর্ষীয়ান মানুষটি। প্রথম আলোকে বলেন, ‘রাজনগর, বালাগঞ্জে পাটিয়ারা সম্প্রদায়ে শতাধিক কারিগর ছিল তিন দশক আগেও। এখন আমার মতো দু–একজন টিকে আছে। সামনে শুধু জাদুঘরে থাকবে শীতলপাটি।’
গ্রীষ্মকালে বিছানা, বড় চৌকি বা জায়নামাজ হিসেবে শীতলপাটির ব্যবহার ছিল আভিজাত্যের চিহ্ন। মোগল আমলে দিল্লির দরবারে ব্যাপক সুনাম কুড়িয়েছিল সিলেট অঞ্চলের শীতলপাটি। সিলেট অঞ্চল ক্ষেত্রসমীক্ষাবিষয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক জার্নালে পাওয়া যায় পাটি নিয়ে সাহিত্যের নমুনা। এরই একটি ‘ধন আছে জন আছে, আছে নদী-মাটি/ অরিন (হরিণ) আছে, ফাখি আছে, আছে হীতলফাটি।’ সম্পদ, মানুষ, প্রকৃতির ওপর দখলের সঙ্গে শীতলপাটি থাকাটাও যে গৌরবের ছিল, তা বলার অপেক্ষা রাখে না। সিকি, আধুলি, নয়নতারা, আসমান এমন সব নামের সেই শীতলপাটি এখন শুধু শৌখিন পণ্য। হরেন্দ্র কুমার বলছিলেন, এখন পাটির বায়না আসে ওয়ালমেট, টেবিল রানার হিসেবে। খাটে বা বসার ঘরে পাতার জন্য মানুষ কেনে না। প্লাস্টিকের পাটির কাছে হার মেনেছে এই লোকশিল্প।
লোকশিল্পবিষয়ক গবেষক শাহিদা খাতুন প্রথম আলোকে বললেন, ‘লোকজ সংস্কৃতির মূল চরিত্রই হচ্ছে পরিবর্তনের মধ্য দিয়ে সে অগ্রসর হবে। কিন্তু নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে আমাদের নিজস্ব ঐতিহ্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। অনেক কিছু থেকেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। অনেকখানি দায় বিদেশি সংস্কৃতিতে নির্ভরশীল হওয়ার মানসিকতা।’
মেয়েলি গীতের সুর থেকে বৃষ্টিবন্দনার আয়োজন
পদ্মা রানি বিশ্বাসের গীত শুরু হলেই কোথা থেকে জমাটবদ্ধ হয়ে আসে সব বিষাদ। অথচ এমনি আলাপের সময় কণ্ঠস্বরে অনেক দাপট শোনা যায়! ফরিদপুরের কোমরপুরের পদ্মা বিয়েবাড়ির অনুষ্ঠানের নানা পর্বে গীত গাইছেন চার দশক ধরে। অনুরোধ করতেই শোনালেন ‘কড়ুই ফুলের ঝুমকা ফুলে গেঁথে গলার হার, কী দিয়ে সাজাব সীতারে জানি না লো আর।’ কী দিয়ে সাজানোর এই আকুতির ভেতর বিষাদ ঝরে পড়ছে অথচ এটি কনে সাজানোর গীত। প্রথম আলোকে পদ্মা বললেন, বিয়ের সব পর্বের জন্য ভিন্ন ভিন্ন গান গাওয়া হতো। তবে সুরগুলো ঘুরেফিরে প্রায় একই রকম। এসব গান মুখে মুখে তৈরি, মুখেই সুর। নারীরাই গাইত দল বেঁধে। প্রত্যন্ত গ্রামের দিকে এখনো কিছু কিছু বিয়েতে গাইতে ডাকে, তবে অনুষ্ঠানের বাধ্যতামূলক অংশ হিসেবে আর নেই এই বিয়ের গীত।
বিশেষ উৎসব পার্বণে সংগীতের ব্যবহার হচ্ছে নিজেকে প্রকাশের জন্য মানুষের দ্বিতীয় শক্তিশালী ভাষা। আবহমান বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বিয়ের গীত লোকজ সংস্কৃতির অংশ। কিন্তু এখন আর কোথাও বিয়ের গীত গাওয়ার প্রয়োজন হয় না। হিন্দি গানের সুর শব্দের বাক্স দিয়ে ছড়িয়ে যায় গোটা এলাকায়। সাময়িক উত্তেজনা তৈরি করা গানটির সঙ্গে আদতে সম্পর্ক নেই আমাদের নিজস্ব সংস্কৃতির। কিছুদিন আগে প্রত্যন্ত গ্রামে গিয়েও এমন গান শোনার অভিজ্ঞতা হয়েছে ফোকলোর গবেষক আমিনুর রহমান সুলতানের। প্রথম আলোকে বললেন, ‘নগর থেকে গ্রামে গেলে আমাদের মতো সংযোগ পরের প্রজন্ম অনুভব করতে পারে না। অথচ সংস্কৃতির পরম্পরা ছাড়া ঐতিহ্য টেকে না। এই ব্যবধানে হারিয়েছে অনেক শিল্প। ধরুন ঘাটু গানের কথা। বাংলাদেশে এখন আর এ গান কোথাও শুনতে পারবেন না।’
মেয়েলি গীতের মধ্যে বিয়ের গীত ছাড়াও একসময় শোনা যেত ছাদ পেটানো বা ধান ভানার গান। হারিয়েছে আশ্বিনের গাস্বি উৎসব বা ডেকে বৃষ্টি নামানোর লোকজ সংস্কৃতি। দীর্ঘদিনের খরা কাটাতে বৃষ্টি নামানোর গান গাইত কিশোর-কিশোরীরা। মাথার কুলা নিয়ে মেয়েরা যেত বাড়ি বাড়ি। সব গৃহস্থের কাছ থেকে চেয়ে নিত একমুঠো চাল। গ্রাম ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে মাটিতে পানি ঢেলে কাদা বানিয়ে দেওয়া হতো ব্যাঙের বিয়ে। এরপর নেচে নেচে গাওয়া হতো ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে মালিক’–এর মতো বৃষ্টি আনার গান। এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস, লোকায়ত আচার-সংস্কৃতি। একসময় এ অঞ্চলে সমৃদ্ধ ছিল কুশান গানের আসর। কৃপাসিন্ধু রায়ের একটি মাত্র দল এখন টিকে আছে উত্তরবঙ্গে। তবে এ সংকট যেমন বিশ্বায়নের ফলে তৈরি হয়েছে, তেমনি নিজের ঐতিহ্য সম্পর্কে অনাগ্রহও বড় কারণ।
বিয়ের গীত, বৃষ্টি ডাকার আয়োজন, ছাদ পেটানো গান শিষ্টজনের জীবনে স্থান নিতে পারেনি বলে হারিয়েছে। তবে শিষ্টজনেরাও কি কখনো ভালোবেসে শুনেছেন এর সুরের ভেতর তার হৃদয়ের সংযোগ আছে! সংযোগ থাকলেও যে লোকশিল্প বা লোকসংস্কৃতি রক্ষা করা যাবে, তা নিশ্চিত বলা যায় না। বিত্তবান গৃহস্থবাড়িতে দাপটে থাকা কাঁসা-পিতলের ব্যবহারও হারিয়েছে সময়ে।
কাঁসার গ্লাসে লেখা হতো নাম
বিয়ের আয়োজনে উপহারের টেবিলে দেখা যেত কাগজের মালা গলায় ঝোলানো কাঁসার কলসি। পেটমোটা গ্লাসটার ঠিক মাঝখানে খোদাই করে নাম লেখাতে অবশ্য খানিকটা পয়সা খরচ হতো ক্রেতার। বিত্তবানদের ঘরে কাঁসার থালাবাসন ব্যবহারের চল ফুরিয়েছে। কাচ বসানো কেতাদুরস্ত খাবার টেবিলের জন্য ওই ভারী বস্তুটি হয়ে উঠেছে অনিরাপদ। বরং কাঁসা বা পিতলের শোপিস এখন স্মারকের সামাজিক মর্যাদা পেয়েছে বেশি। ফলে কাঁসা-পিতলের থালাবাসন ব্যবহার কমার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এই পেশানির্ভর মানুষের জীবিকা। সেই কারিগরদের হাতে এখন আর উঠে আসে না লতানো সূক্ষ্ম নকশা। জীবিকার অনিশ্চয়তায় তাঁরা বদলেছেন পেশা।
এমন করে হারিয়েছে নারকেলের মালা দিয়ে তৈরি তরল খাদ্য রান্নার ‘ওড়নি’ বা দুই পাথর খণ্ডের মধ্যে পিষে ডাল, ছাতু চূর্ণ করার ‘জাঁতা’ নামের যন্ত্রটি। ঢেঁকির প্রয়োজন মেটাতে পারে ধান ভাঙানোর কলগুলো। ব্লেন্ডার নামক বৈদ্যুতিক যন্ত্রটি চটপট করে দিতে পারে অনেক কাজ। লোকশিল্পের উপাদান হারালে পেশা বদলের সঙ্গে হারিয়ে যায় সংশ্লিষ্ট শব্দগুলো। সেই ভাষা থেকে কখন যেন বাদ হয়ে যায় একসময়ের রোজ শোনা কিছু ধ্বনি। ছিলকে তোলা বা কানি করা শব্দগুলো নিখোঁজ হয়েছে কাঁসা-পিতলের ব্যবহার হ্রাসের সঙ্গে সঙ্গে।
অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলছিলেন, ‘কোনো জাতিসত্তার ঐতিহ্যকে মূল্যায়ন করতে হলে তার সংস্কৃতি সংরক্ষণের বিকল্প নেই।’ কিন্তু সংরক্ষণের প্রতিশ্রুতি, প্রণোদনার আশ্বাস বহুকালের পুরোনো। এর আগে আলোচনা প্রয়োজন, শ্রুতিনন্দন লোকসাহিত্য আর দৃষ্টিনন্দন লোকশিল্পকে কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশিষ্টজনেরা। দ্রুত বিশ্বায়নের এই সময়েও হরেন্দ্র কুমার দাসের মতো দু-একজন ধনুর্ভঙ্গ পণ করা কারিগর আছেন। তাঁরা মোর্তা কেটে নকশা করেন পাটির। কিন্তু সে কাজ এতটাই মূল্যহীন যে তাঁদের চোখের পানি মিশে যায় মনু বা খোয়াই নদের ক্ষীণ স্রোতে। আর সন্তানের জন্য ফুল বা পালতোলা নৌকার নকশা সেলাই করা নারী তো চলেই গেছেন সেই কবে।