দীর্ঘগ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম দীর্ঘগ্রাম। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এ গ্রামের বাসিন্দারা প্রতিদিন ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোর ওপর দিয়ে চলাচল করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এনায়েত মোল্লা বলেন, গ্রামটিতে পাঁচ হাজার লোকের বাস। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খালের ওপর সেতুটির অবস্থান। এ ছাড়া গ্রামে কোনো রাস্তা নেই। এ কারণে প্রতিদিন শত শত মানুষ সেতুটি ঝুঁকি নিয়ে পার হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘগ্রাম খালের ওপর একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি সংস্কারের আশ্বাস দিলেও এ পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রাখেননি। গত প্রায় ছয়-সাত বছর ধরে সেতুটি এ অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা যায়, কাঠের তৈরি এ সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এক কিলোমিটার রাস্তা ঘুরে হাট-বাজার ও স্কুল-কলেজে যাতায়াত করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। অনেক সময় ঝুঁকি নিয়ে সাঁকোটি পার হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। স্থানীয় গৃহিণী তানিয়া বেগম বলেন, বর্ষার সময় রাস্তাঘাট ডুবে যায়। সেতুটি হলে কষ্ট কিছুটা কমত।
দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, স্কুলে যেতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পার হতে হয়। ফলে অনেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।