দীর্ঘদিন ধরে কর্মস্থলে নেই পাঁচ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ শয্যার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি চিকিৎসক পদের মধ্যে ১২টিই শূন্য। কর্মরত রয়েছেন মাত্র আটজন চিকিৎসক। এর মধ্যে আবার চারজন চিকিৎসক ছুটি না নিয়েও বছরের পর বছর ধরে কর্মস্থলে আসছেন না। একইভাবে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও দীর্ঘদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

অনুপস্থিত চিকিৎসকেরা ঠিক কোথায় অবস্থান করছেন—সে ব্যাপারে দুই স্বাস্থ্য কমপ্লেক্সের কেউই কিছু জানাতে পারেনি। তবে তাঁদের অনুপস্থিতির কারণে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের যে চারজন চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন তাঁরা হলেন, চিকিৎসা কর্মকর্তা সোহেলি সোবাহান, নূর এ আলম, খুরশিদ আলম এবং আসাদুজ্জামান।

ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহেলি সোবাহান ২০১০ সালের ১ জুলাই যোগদান করেন এবং ওই বছরেরই ৮ জুলাই থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। নূর এ আলমও একই সময়ে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ওই বছরেরর ৩ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। শিশু বিশেষজ্ঞ হিসেবে ২০১০ সালের ২৬ ডিসেম্বর যোগদান করেন খুরশিদ আলম। মাত্র ১৫ দিন দায়িত্ব পালন করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি যোগদান করার পরের দিন থেকেই অনুপস্থিত রয়েছেন চিকিৎসক আসাদুজ্জামান। ওই চারজন চিকিৎসকই প্রথমে স্বল্প মেয়াদী ছুটির আবেদন করেন। ওই ছুটির পর বিভিন্ন কারণ দেখিয়ে তাঁরা আবারও ছুটির আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর না হওয়া সত্ত্বেও তাঁরা আর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেননি। বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁদের ঠিকানায় কয়েকবার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। তবে তাঁরা ওই নোটিশের জবাব দিয়েছেন কিনা—সে ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। বর্তমানে তাঁরা কে কোথায় অবস্থান করছেন—সে ব্যাপারেও স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো তথ্য নেই।

এদিকে হাসপাতালটিতে মাত্র চারজন চিকিৎসক কর্মরত থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁদের কারণ দর্শানোর যেসব চিঠি দিয়েছে, সেগুলোর দুই-একটির অনুলিপি আমাদের কার্যালয়েও এসেছে। তবে তাঁরা ঠিক কোথায় আছেন—সে সম্পর্কে আমরা কিছুই জানি না। তাঁরা কোনো যোগাযোগও রাখেন না। এমনিতেই প্রয়োজনীয় চিকিৎসক নেই, তার ওপর এতজন চিকিৎসকের অনুপস্থিতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।’

বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসক শাম্মী নাসরীণ ২০১৩ সালের ১৫ জুন ওই হাসপাতালে যোগদান করেন। ওই বছরের ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত নৈমিত্তিক ছুটি নেন তিনি। এরপর তিনি ওই বছরের ১৩ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদন করেন। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, ‘শাম্মী নাসরীণ ঠিক কোথায় আছেন—তা আমাদের জানা নেই। তবে তাঁর অনুপস্থিতির ব্যাপারে কারণ দর্শানোর জন্য মন্ত্রণালয় থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।’ সাঁথিয়া ও বেড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় এরইমধ্যে তদন্ত শুরু করেছে। এর সুরাহা না হওয়া পর্যন্ত বিধি মোতাবেক তাঁদের স্থলে নতুন চিকিৎসক পাওয়া যাবে না।