দীর্ঘদিন ধরে কারাগারে থাকার পর মুক্তি পাওয়া বন্দীর পুনর্বাসনের বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আয়োজিত মিট দ্য প্রেসে প্রশ্নোত্তর পর্বে তিনি এই গুরুত্বারোপ করেন।
বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, পুনর্বাসনের বিষয়টি ব্যাপক, এর সুনির্দিষ্ট আইনি ভিত্তিও প্রয়োজন। ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে একমাত্র টট আইন প্রযোজ্য। তবে আইনটির সেভাবে প্রয়োগ নেই। প্রধানমন্ত্রী সংসদে এ নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, সরকারও এ বিষয়ে চিন্তা করছে। এগুলো নিয়ে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। সুনির্দিষ্ট আইন থাকলে মানুষের ক্ষতিপূরণ প্রাপ্তিতে সুবিধা হবে।
গত ৮ মার্চ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন, যাঁরা বিনা অপরাধে আটক রয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কেউ চাইলে রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাইতে পারেন।
এ প্রসঙ্গে বিচারপতি ইনায়েতুর রহিম আরও বলেন, ‘আমার মনে হয় পুনর্বাসনবিষয়ক আইনি সহায়তার ধারণা আমাদের দেশে ছিল না। ইদানীং বিষয়টি নিয়ে কথা হচ্ছে।...আমরাও বিষয়টি নিয়ে ভাবছি, এ নিয়ে সুনির্দিষ্টভাবে কীভাবে কাজ করা যায়।’
বিচার শেষ না হওয়া মামলায় দেড় যুগে ধরে কারাগারে থাকা ঢাকার সূত্রাপুরের মো. শিপন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনি সহায়তা পেয়েছিলেন।
এ ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে উল্লেখ করে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, এমন ব্যক্তিকে সামাজিকভাবে পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন। বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, প্রতিবেদন (খবর) আসে, এতে জনমত গঠিত হবে। তেমনি সরকারও একটি চাপ অনুভব করবে। তিনি মনে করেন, এমন ব্যক্তিদের জন্য বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র হওয়া উচিত, যেখানে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এনজিওগুলো এ নিয়ে কাজ করতে পারে।
শুরুতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে লিখিত বক্তব্যে কমিটির সদস্যসচিব টাইটাস হিল্লোল রেমা বলেন, ২০১৫ সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রহণ করা ৫৫৫টি মামলার মধ্যে ২৯৮টির নিষ্পত্তি হয়েছে। মামলা নিষ্পত্তির হার প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া ১ হাজার ২৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ১৫ নভেম্বর কমিটি ৫ ও ১০ বছরের অধিক সময় ধরে মামলা নিষ্পত্তি না হওয়া আটক হাজতিদের তালিকা চেয়ে আইজি প্রিজন কার্যালয়ে চিঠি পাঠায়। আইজি প্রিজন কার্যালয় মোট ৪৬২ জনের তালিকা পাঠায়। এর মধ্যে ১০ বছরের অধিক মোট ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেন। বাকি ৪০৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে।
মিট দ্য প্রেসে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, লিগ্যাল এইড কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক (প্রশাসন) আবেদা সুলতানা আলোচনায় অংশ নেন। এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।