সমীর কুমার মুখোপাধ্যায় ও এ কে এম ফখরুল আলম। দুজনই ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাসের পরপরই সমীর কুমার ভারতে চলে যান। গতকাল শনিবার সেই বিদ্যালয়ের প্রাঙ্গণেই দুজনের দেখা। কোলাকুলি। আনন্দ আর আবেগে একপর্যায়ে তাঁদের যেন কেঁদে ফেলার উপক্রম।মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমীর কুমার ও ফখরুল আলমের মতো অনেকেরই মধ্যে দেখা গেছে এমন আবেগের প্রকাশ। স্মৃতিচারণায় তাঁরা ফিরে গেছেন সেই কৈশোরে।দীর্ঘ ৪২ বছর পর সহপাঠীর সঙ্গে দেখার অনুভূতি কেমন জানতে চাইলে সমীর কুমার বলেন, ‘যেটুকু দেখলেন তা বাইরের। ভেতরে যে কী আবেগ কাজ করছে বলে বোঝাতে পারব না।’ সমীর কুমার বর্তমানে কলকাতার মাল্টিপ্লেস গ্রুপের প্রধান উপদেষ্টা। আর ফখরুল আলম মালয়েশিয়া পাম অয়েল কোম্পানির নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক। মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, ‘সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। পুরোনো স্মৃতি মনে পড়ছে।’ অনুষ্ঠানে ভারত থেকে ১১ জন প্রাক্তন ছাত্র এসেছেন। ’৬০ সালের ব্যাচের ছাত্র কৌতুক অভিনেতা টেলিসামাদ ক্লাসে শিক্ষকদের নানা স্মৃতি উল্লেখ করতে গিয়ে বলেন, ‘স্যারকে আমি বলেছিলাম “ত্রিকোণমুখী” হব। আর তাই হতে পেরেছি স্যারদের দোয়ায়। গায়ক, নায়ক ও চিত্রশিল্পী।’বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান বলেন, ‘আমরা যেমন দুষ্টু ছিলাম, তেমনি ছিলাম খেলাধুলায় পারদর্শী।’একসময়ে সাঁতারে বিদ্যালয়ের জ্ঞানরঞ্জন দাস বেশি খ্যাতি পেয়েছিলেন। ভারত থেকে এসে তিনিও যোগ দিয়েছেন অনুষ্ঠানে। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে আজ কেমন যে লাগছে তা ভাষায় ঠিক প্রকাশ করা যাবে না। মাতৃভূমির টানে চলে এলাম।’ ১৯৬৬ সালে এসএসসি পাস করেছেন মোশারফ হোসেন চৌধুরী। বর্তমানে তিনি পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে পুরোনো মুখগুলো দেখতে পারছি। সেই সময়ের নানা ঘটনার কথা মনে করে নতুন করে হাসছি।’দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল মিলনমেলা মঞ্চে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। স্মৃতিচারণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক এ ওয়াই এম মহসীন, মাহফুজুর রশীদ, মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। প্রাক্তন ছাত্ররা অনেকে নিজেদের কবিতা আবৃত্তি করেন, কেউ গান গেয়ে আনন্দ দেন। তাঁদের ছেলেমেয়েরাও গান ও নৃত্য পরিবেশন করেন। ১৯৮৫ সালে শহরের পুরাতন কাচারীতে মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলমসহ খ্যাতিমান অনেকেই এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।