দীর্ঘদিন বন্দী: মুক্তির পর পুনর্বাসনে সুনির্দিষ্ট আইন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ইনায়েতুর রহিম।
এম ইনায়েতুর রহিম।

দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দীর মুক্তির পর তাঁর পুনর্বাসনের বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

আজ মঙ্গলবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ কথা বলেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, পুনর্বাসনের বিষয়টি ব্যাপক। এর সুনির্দিষ্ট আইনি ভিত্তিও প্রয়োজন। ক্ষতিপূরণের আদায়ের ক্ষেত্রে একমাত্র টর্ট আইন প্রযোজ্য। তবে আইনটির সেভাবে প্রয়োগ নেই। প্রধানমন্ত্রী সংসদে এ নিয়ে বলেছেন। মনে হয়, সরকারও এ বিষয়ে চিন্তা করছে। এগুলো নিয়ে আসলে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। সুনির্দিষ্ট আইন প্রণীত হলে মানুষের ক্ষতিপূরণ প্রাপ্তিতে সুবিধা হবে।

এর আগে গত ৮ মার্চ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যাঁরা বিনা অপরাধে আটক রয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কেউ চাইলে রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাইতে পারেন।
ওই বক্তব্য দৃষ্টি আকর্ষণ করে ও দীর্ঘদিন ধরে কারাগারে থাকার পর মুক্তি পাওয়া ব্যক্তির পুনর্বাসনের উদ্যোগ নিয়ে করা প্রশ্নে বিচারপতি এম ইনায়েতুর রহিম আরও বলেন, ‘আমার মনে হয় পুনর্বাসনবিষয়ক আইনি সহায়তার ধারণা আমাদের দেশে ছিল না। ইদানীং বিষয়টি নিয়ে কথা হচ্ছে।...আমরাও বিষয়টি নিয়ে ভাবছি, এ নিয়ে সুনির্দিষ্টভাবে কীভাবে কাজ করা যায়।’

বিচার শেষ না হওয়া মামলায় দেড় যুগে ধরে কারাগারে থাকা ঢাকার সূত্রাপুরের মো. শিপন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনি সহায়তা পেয়েছিলেন। এ প্রসঙ্গ টেনে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। কোর্টে যখন আসেন, তখন শিপন ছিলেন উদ্‌ভ্রান্ত। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, মা-বাবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ আছে কি না? তিনি বলেছিলেন, ১৫ বছর ধরে তাঁরা তাঁর খোঁজখবর নেন না।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ১০ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন, তাঁর সামাজিকভাবে পুনর্বাসন করার জন্য রাষ্ট্রের যে দায়বদ্ধতা আছে, এ জন্য যে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, প্রতিবেদন (খবর) আসে, এতে জনমত গঠন হবে। তেমনি সরকারও একটি চাপ অনুভব করবে।

পুনর্বাসনে গণমাধ্যমের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ভূমিকার ওপর জোর দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। তিনি বলেন, ‘এ নিয়ে মিডিয়ার কাজ করার সুযোগ রয়েছে, অনেক এনজিও লিগ্যাল এইড নিয়ে কাজ করে থাকে। এ সেক্টরে তারা পুনর্বাসন কেন্দ্র করতে পারে। এঁদের (দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তিপ্রাপ্ত বন্দী) জন্য আমার মনে হয় বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র হওয়া উচিত, যেখানে তাঁদের প্রশিক্ষণ হবে। এনজিও এ নিয়ে কাজ করতে পারে।’

‘মিট দ্য প্রেসে’ অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, লিগ্যাল এইড কমিটির সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক (প্রশাসন) আবেদা সুলতানা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

৫৫৫টি মামলার মধ্যে ২৯৮টি নিষ্পত্তি, হার ৬০ শতাংশ
শুরুতে কার্যক্রম অগ্রগতি তুলে ধরে অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব টাইটাস হিল্লোল রেমা বলেন, ২০১৫ সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রহণ করা ৫৫৫টি মামলার মধ্যে ২৯৮টি নিষ্পত্তি হয়েছে। মামলা নিষ্পত্তির হার প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া ১ হাজার ২৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ প্রদান করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ১৫ নভেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ৫ বছর ও ১০ বছরের অধিক সময় মামলা নিষ্পত্তি না হয়েও কারাগারে আটক হাজতিদের তালিকা চেয়ে আইজি প্রিজন কার্যালয়ে চিঠি পাঠায়। আইজি প্রিজন কার্যালয় মোট ৪৬২ জনের নামের তালিকা দিয়ে চিঠি পাঠায়। এই তালিকার মধ্যে ১০ বছরের অধিক মোট ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেন, অন্যদের বিষয়ে বিভিন্ন বিচারিক আদেশ প্রদান করেন। বর্তমানে বাকি ৪০৪ জনের বিষয় নিয়ে অফিস কাজ করছে, যা একটু সময়সাপেক্ষ ব্যাপার।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়।