দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না করায় ভেঙেচুরে একাকার ঢাকা-খুলনা মহাসড়ক। ছবিটি গত সোমবার বিকেলে ফরিদপুরের কানাইপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
সংস্কার না করায় ভেঙেচুরে একাকার ঢাকা-খুলনা মহাসড়ক। ছবিটি গত সোমবার বিকেলে ফরিদপুরের কানাইপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

সংস্কার না করায় ফরিদপুর জেলার ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দুটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। সড়কে বিভিন্ন আকারের গর্ত তৈরি হয়েছে। সড়কের বেশির ভাগ জায়গার পিচ উঠে গেছে। এতে ভোগান্তি পোহাচ্ছে চলাচলকারীরা।
গত সোমবার সরেজমিনে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল সড়কে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ইতলা থেকে টেকেরহাট গোলচত্বর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ। মহাসড়কের ভুরঘাটা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪৫ কিলোমিটার অংশে সবচেয়ে বেশি খারাপ অবস্থা জোয়ারিয়া ও রথখোলা এলাকায়।
সড়ক বিভাগের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার ওয়াপদা থেকে রাজবাড়ীর বসন্তপুর পর্যন্ত ৪৯ কিলোমিটার অংশ ফরিদপুর সড়ক বিভাগের মধ্যে পড়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থেকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা পর্যন্ত ৩৭ কিলোমিটার পড়েছে এ সড়ক বিভাগের অধীনে।
জোয়ারিয়া ও রথখোলা এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই জায়গায় প্রতিদিনই গর্তের কাদা-পানিতে গাড়ি আটকা পড়ে। এলাকার লোকজন এসে ইট, কাঠ, গাছের গুঁড়ি ও রশি দিয়ে টেনে তোলেন গাড়ি। কোনো কোনো সময় গাড়ি তোলার জন্য রেকার আনা হয়।
ওই পথে প্রতিদিন চলাচলকারী ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা মৌসুমী দাস বলেন, রাস্তা খারাপ থাকায় গাড়িতে করে কলেজে যেতে নির্দিষ্ট সময়ের চেয়ে এক ঘণ্টা সময় বেশি লাগে। এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে খুলনার দিকে গঙ্গাবর্দী, কানাইপুর বাজার, পরীক্ষিতপুর, মধুখালী রেলগেট, বাজারসংলগ্ন এলাকা ও বাগাট বাজার এলাকার অবস্থা খারাপ। এই মহাসড়ক থেকে ঢাকার পথে বাহিরদিয়া, ধুলদী রেলগেট এলাকা ও বসন্তপুরের অবস্থা ভালো নয়। এসব এলাকার সড়কজুড়ে ছোট-বড় গর্ত। বৃষ্টি হলে এই দুটি পথে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে।
যশোর থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক মো. শাহাবুদ্দিন বলেন, যশোর থেকে মাগুরা পর্যন্ত সড়কটি ততটা খারাপ নয়। কিন্তু কামারখালী সেতু পার হলেই অবস্থা খারাপ হয়ে যায়। সড়ক বিভাগ ঠিকমতো সংস্কার করে না। এ কারণে দুদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যায়।
ট্রাকচালক ইকবাল হোসেন বলেন, ‘আগে খুলনা থেকে ঢাকা যেতে ১২ ঘণ্টা সময় লাগত। এখন দেড় দিনেও পৌঁছাতে পারি না।’
সড়ক বিভাগ ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার পর দুদিন সরেজমিনে মহাসড়ক দুটি পরিদর্শন করেছি। ইতিমধ্যে খানাখন্দ ভরাট করাসহ সড়ক দুটি চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।’
মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, জোয়ারিয়া ও রথখোলা এলাকার কিছু অংশের অবস্থা খারাপ। সড়কটি চলাচলের উপযোগী করতে দুই মাস ধরে কাজ করা হচ্ছে।