দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক বেহাল

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ-লাউড়েরগড় সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে পাথর ও ইটের খোয়া বেরিয়ে এসেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এতে ওই সড়কে চলাচলকারী এক লাখের বেশি মানুষ ভোগান্তিতে পড়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, সড়কটি দিয়ে লক্ষাধিক মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় তারা ভোগান্তি পোহাচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময় প্রকৌশল বিভাগকে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পলাশ থেকে ধনপুর, মাছিমপুর, চিনাকান্দি হয়ে লাউড়েরগড় পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক দিয়ে উপজেলার ধনপুর ও পলাশ ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করতে হয়। তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক স্টেশন, বারিকটিলা এবং বিশ্বম্ভরপুরের শাহ আরফিন (র.)-এর আস্তানা ও জাদুকাটা নদীর তীরের অদ্বৈত মহাপ্রভুর তীর্থস্থানেও মানুষ যাতায়াত করে। প্রায় সাত-আট বছর ধরে সংস্কার না হওয়ায় এখন সড়কের পুরোটাই বেহাল হয়ে পড়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার জানান, পলাশ-লাউড়েরগড় সড়কের পুরোটাই নষ্ট হয়ে গেছে। সড়কটি সংস্কারের জন্য তিন কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রকল্প অনুমোদন হলে সড়কের কাজ হবে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের পলাশ থেকে ধনপুর বাজার পর্যন্ত অংশে ভাঙা ও খানাখন্দ বেশি। পলাশ ইউনিয়নের মাঝাইর, মেরুয়াখলা, সুরেশনগর গ্রামের পাশের অংশের অবস্থা বেশি বেহাল। একই অবস্থা মাছিমপুর থেকে লাউড়েরগড় পর্যন্ত। কোথাও কোথাও বালু-পাথর সরে সড়কের প্রস্থ কমে গেছে। স্থানীয় লোকজন জানান, সড়কে এক বছর ধরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করেছে। গত আগস্টে সুরমা নদীর ওপর ‘আব্দুজ জহুর সেতু’ চালু হওয়ায় সড়কে এখন লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মাইক্রোবাস চলাচল শুরু হয়েছে। দিন দিন যানবাহনের চাপ বাড়ছে।