দুই পাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত আর পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দ তৈরি হওয়ায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা মহাসড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সরু এ সড়কটিতে বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার মির্জাপুর হয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক পর্যন্ত ২৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রশস্ততা মাত্র ১২ ফুট। সড়কটির শক্ত উপরিতলের পুরুত্ব (পেভমেন্ট থিকনেস) জায়গাবিশেষে মাত্র চার থেকে ছয় ইঞ্চি, যা ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য উপযোগী নয়। কিন্তু গাজীপুর ও ঢাকায় যেতে এ সড়কটি ব্যবহার করলে পথ সংক্ষিপ্ত হয়। এ ছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনার সঙ্গে কিশোরগঞ্জের সড়ক যোগাযোগের ব্যবস্থা থাকায় এই অঞ্চলের মানুষজন প্রতিদিন এ সড়ক হয়ে ঢাকা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। সরেজমিনে দেখা গেছে, পাকুন্দিয়ার কোদালিয়া, সুখিয়া ও কোষাকান্দ এবং কাপাসিয়ার টোকসহ সড়কটির বিভিন্ন স্থানে দুই পাশের কাঁচা অংশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার প্রশস্ততা কম হওয়ায় চলাচলকারী দুটি বাস, ট্রাক বা এ ধরনের বড় গাড়ি পাশাপাশি অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়ছে। দুটি গাড়িরই চাকা রাস্তার কাঁচা অংশে চলে গিয়ে উল্টে পড়ার উপক্রম হচ্ছে। আবার সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হলেও সংস্কার করা হয়নি দীর্ঘদিন।ঢাকাগামী অনন্যা পরিবহনের চালক আবদুল রশিদ বলেন, রাস্তাটি খুবই চিকন। রাস্তার দুই পাশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বড় গাড়িকে জায়গা (সাইড) দেওয়ার সময় বাসের চাকা গর্তে পড়ে যায়। এতে গাড়ির ক্ষতি হচ্ছে। কিছুদিন পর পরই গাড়ির চাকা ও পাতিসহ বিভিন্ন যন্ত্রাংশ বদলাতে হচ্ছে। কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কার ও সম্প্রসারণ করতে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার প্রাক্কলন ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প তৈরি করে গত বছরের জুলাই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দাখিল করা হয়েছে। যেটি অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বর্তমানে মেরামত ও রক্ষণাবেক্ষণ খাত থেকে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী রাখতে সংস্কারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।