>

বেহাল সড়ক ৫৯
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্পদিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
বগুড়ার ধুনট সদর থেকে যমুনা নদীর শহরাবাড়ি ঘাট পর্যন্ত পাকা সড়কের পিচ, খোয়া উঠে গেছে। বেরিয়ে এসেছে ইট। এ ছাড়া অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলা সদর থেকে শহরাবাড়ি ঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি পাকা করা হয়। সড়কটি শহরাবাড়ি নৌঘাটের কারণে বেশ গুরুত্বপূর্ণ। যমুনা নদীর ভাঙন ঠেকাতে প্রায় প্রতিবছর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলে। প্রকল্পে ব্যবহৃত ইট, সিমেন্ট, খোয়া, পাথরসহ নানা ধরনের সামগ্রী এই সড়কপথেই পরিবহন করা হয়। এ ছাড়া যমুনা নদীর পূর্ব পাড়ে রয়েছে তারাকান্দি ইউরিয়া সার কারখানা। সেখানকার উৎপাদিত সার শহড়াবাড়ি ঘাট হয়ে এ পথেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ কারণে প্রতিদিন ভারী যানবাহন, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ভটভটিসহ নানা ধরনের হালকা যানও চলাচল করে। কিন্তু সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির এ হাল হয়েছে। বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এ সড়কে যাতায়াত করে। মুমূর্ষু কোনো রোগীকে উপজেলা কিংবা জেলা শহরে চিকিৎসার জন্য নিতে হলে যানবাহনের ঝাঁকুনিতে বেশ কষ্ট হয়।
বাসচালক ফনিন্দ্র নাথ রায় বলেন, সড়ক মেরামতের কাজ না করায় অনেক দিন ধরেই খুব কষ্ট করে বাস চলাতে হয়। প্রায়ই বাসের চাকা গর্তে পড়ে। ইঞ্জিন বিকল হয়। কোনো বিকল্প সড়ক নেই। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
বাঘসাপাড়া গ্রামের অটো ভ্যানচালক কামাল হোসেন বলেন, সড়ক ভালো থাকার সময় লোকজন ভ্যানেই চড়ত। এখন ভাঙাচোরা সড়কে কেউ ভ্যানে চড়তে চায় না। গর্তের কারণে এ পথে ভ্যানে মালামালও বহন করা যায় না।
উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈনুল হাসান বলেন, ধুনট-শহরাবাড়ি সড়ক সংস্কারের বিষয়টি নিয়ে প্রত্যেক মাসেই উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়। অথচ চার বছর ধরে কোনো সংস্কারকাজ হচ্ছে না। এতে এলাকাবাসীর কাছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, এ সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি পাঠানো হয়েছে। আশা করা যায় আগামী অর্থবছরে সড়কটি সংস্কারসহ প্রশস্তকরণের জন্য বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে।