দীর্ঘদিন সড়ক সংস্কার হয় না, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

রাজবাড়ীর পাংশা পৌরসভার সড়কগুলো কয়েক বছর ধরে সংস্কার করা হয়নি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে জনদুর্ভোগ বেড়েছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এ পৌরসভা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। ২০১১ সালে পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। এখানে মোট ৩৫ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে।

রাজবাড়ীর পাংশা রেলস্টেশন–কালীবাড়ী মোড় সড়ক বেহাল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও চালকদের। ছবিটি পৌর এলাকার সাদী প্লাজার সামনে থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
রাজবাড়ীর পাংশা রেলস্টেশন–কালীবাড়ী মোড় সড়ক বেহাল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও চালকদের। ছবিটি পৌর এলাকার সাদী প্লাজার সামনে থেকে গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

অন্তত এক যুগ আগে এসব রাস্তা নির্মাণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়ন, কালুখালী উপজেলা, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ এসব সড়ক দিয়ে যাতায়াত করে। কোনো কোনো রাস্তায় নানা অংশে পিচ-খোয়া উঠে গেছে। ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পাংশা রেলস্টেশন থেকে কালীবাড়ি মোড়, রেলস্টেশন থেকে খাদ্যগুদাম হয়ে টেম্পোস্ট্যান্ড, কালীবাড়ি মোড় থেকে উপজেলা মোড়, টেম্পোস্ট্যান্ড থেকে থানার মোড়, টেম্পোস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজ মোড়, রেজিস্ট্রি অফিস থেকে পাংশা সরকারি কলেজ, দত্তপাড়া থেকে পাংশা কলেজ মোড়, সরদার বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন এবং থানা মোড় থেকে দরগাতলা সড়ক ভাঙাচোরা। এর মধ্যে রেলস্টেশন থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত সড়কে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে। এই সড়কের মধ্যবর্তী স্থানে সাদী প্লাজার সামনে পানি জমে আছে। দুই পাশে কাদা জমেছে। এ ছাড়া কালীবাড়ি মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানেও খানাখন্দ রয়েছে। কোনো কোনো স্থানে খানাখন্দে সুরকি ফেলা হয়েছে।
আবদুস ছালাম মণ্ডল নামের এক ইজিবাইকচালক বলেন, পাংশা রেলস্টেশন থেকে কালীবাড়ি মোড় সড়কের সাদী প্লাজার সামনে কয়েক মাস ধরে পানি জমে আছে। এতে চলাচলে খুব অসুবিধা হয়।
ট্রাকচালক মুজাহিদুল ইসলাম খান বলেন, কালীবাড়ি মোড় থেকে উপজেলা সড়কে ছোট-বড় বহু গর্ত রয়েছে। প্রায়ই গর্তে ট্রাকের চাকা আটকে যায়। তখন যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের সীমা থাকে না। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।
পৌর মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, গত ফেব্রুয়ারিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। রাস্তাঘাট সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা-তদবির করছেন। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আজিবর রহমান বলেন, পৌরসভায় প্রতিবছর মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। রাস্তার উন্নয়নের জন্য এই বরাদ্দের ২৫ শতাংশ টাকা ব্যয় করা হয়। এত অল্প টাকা দিয়ে কোনো কাজই করা যায় না। রাস্তাঘাটের সংস্কারকাজ উন্নয়ন প্রকল্পের আওতায় করতে হবে। কিন্তু চার-পাঁচ বছর ধরে কোনো প্রকল্পও আসছে না। এ কারণে রাস্তাগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।