দীর্ঘদিনেও চালু হয়নি ব্যবসায় শিক্ষা শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৫০ বছর পরও কুমিল্লা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখা চালু হয়নি। অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও ছাত্রীদের প্রবল আগ্রহ থাকার পরও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় ওই শাখা খোলা সম্ভব হয়নি। তাই এ সময় ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কুমিল্লার কয়েক হাজার ছাত্রী ব্যবসায় শিক্ষায় লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কলেজ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১১ জুন কুমিল্লা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি চেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে কলেজ কর্তৃপক্ষ। ২০০৮ সালের ১ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শন করে এ বিষয়ে মতামত দেয়। ২০১০ সালের ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ আরও পাঁচটি সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি প্রদান প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়। ১ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শাখা খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়। ২৫ মার্চ এ কলেজের অধ্যক্ষ কুমিল্লা শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণীতে ৪৫০ জন ছাত্রী ভর্তির আবেদন করে। কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় বোর্ড এ কলেজে ওই শাখায় ছাত্রী ভর্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারেনি। কলেজ সূত্রে আরও জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-৮-এর উপসচিব মো. খালেদ হোসেন স্বাক্ষরিত এক চিঠি ২০ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, দেশের ৩০টি সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতির জন্য বিষয়ভিত্তিক শিক্ষার্থীর তথ্য প্রেরণ করতে হবে। এসব তথ্যও অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। আবেদন করা ৩০টি সরকারি কলেজের মধ্যে ২১টি কলেজই সরকারি মহিলা কলেজ। এর মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজও রয়েছে।কলেজের অধ্যক্ষ ইন্দু ভূষণ ভৌমিক বলেন, ‘কয়েক দফা চেষ্টা করেও আমরা এখন পর্যন্ত কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালু করতে পারিনি। বিষয়টি চিঠি চালাচালির মধ্যেই রয়েছে। অথচ আমাদের পর্যাপ্ত অবকাঠামো সুবিধা রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ব্যবসায় শিক্ষার বিকল্প নেই।’কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছি। মন্ত্রণালয় অনুমতি দিলেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ব্যবসায় শিক্ষা শাখা খোলা সম্ভব।’