দীর্ঘমেয়াদি চিকিৎসায় মাদকাসক্তি সম্পূর্ণ ভালো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘আসুন মাদকমুক্ত থাকি’ অনুষ্ঠানে চিকিৎসকেরা উপস্থিত অনেককে নানা পরামর্শ দেন। ছবিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মুহিত কামাল। ছবি: জাহিদুল করিম
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘আসুন মাদকমুক্ত থাকি’ অনুষ্ঠানে চিকিৎসকেরা উপস্থিত অনেককে নানা পরামর্শ দেন। ছবিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মুহিত কামাল। ছবি: জাহিদুল করিম

সময় চারটার কাছাকাছি। ডব্লিউভিএ মিলনায়তনের চিত্রা হলে ঢুকতেই দেখা গেল, তিনটা টেবিলে একজন মনোরোগ চিকিৎসক আর একজন করে মাদকাসক্ত ব্যক্তি একা বা অভিভাবকসহ পরামর্শ নিচ্ছেন। আরেকটি টেবিলে পরামর্শ সহায়তা শেষ করে আলোচনা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন দুই মনোরোগ চিকিৎসক।

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৮৩ এর চিত্র এটি। আজ শনিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ সভার আয়োজন করে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্ট।

মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে এই পরামর্শ সহায়তা দেওয়া হয়। রাজধানীর মিরপুর থেকে এক বাবা এসেছেন তাঁর মাদকাসক্ত ছেলের বিষয়ে পরামর্শ নিতে। ছেলে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই স্ত্রী আত্মহত্যা করেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখন তিনি নিয়মিত মাদক নেন।

বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ব্যক্তিগত পরামর্শ সহায়তা চলে। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে বিশেষজ্ঞ, মাদকাসক্ত ব্যক্তি ও তার অভিভাবকেরা অংশ নেন।

সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি একটি রোগ, যা সম্পূর্ণ নিরাময়যোগ্য। বিষয়টি লুকিয়ে রাখা যাবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি উপযুক্ত চিকিৎসা। তবে মাদকাসক্ত ব্যক্তির মাদক ছাড়ার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি তাকে নিজের জীবনের গুরুত্ব অনুধাবন করতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ও অধ্যাপক মোহিত কামাল বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা ভুল প্রক্রিয়ার মাধ্যমে মানসিক সমস্যার মোকাবিলা করে। সে মাদক নিয়েই ভালো থাকার চেষ্টা করে। অথচ তারা বুঝতেই পারে না এতে তাঁর ব্যক্তিজীবনের পাশাপাশি পরিবারেরও ক্ষতি হয়।

মাদক একটি মানসিক রোগ উল্লেখ করে একই ইনস্টিটিউটের চিকিৎসক ফারজানা রহমান বলেন, একবার মাদকাসক্ত হলে এটি বারবার হতে পারে। এ ক্ষেত্রে ধৈর্য নিয়ে মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা করাতে হবে। কোনোভাবেই তড়িঘড়ি করে তাকে বিয়ে দেওয়া বা বিদেশ পাঠানো যাবে না।

এক মাদকাসক্ত ব্যক্তি ১৬ বার চিকিৎসা করানোর পর মাদক ছেড়ে এখন স্বাভাবিক জীবন যাপন করছে উল্লেখ করে মনোরোগ চিকিৎসকেরা উপস্থিত অভিভাবক ও মাদকাসক্ত ব্যক্তিদের ধৈর্য ধারণ চিকিৎসা নিতে বলেন। পরিবারের সদস্যদের মমতা ও ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকার পরামর্শ দেন।

এতে আরও পরামর্শ সহায়তা দেন একই ইনস্টিটিউটের মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল, মেখলা সরকার ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ চিকিৎসক মো. যোবায়ের মিয়া।